জাগো ফাউন্ডেশন পেল ইউনেসকো পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের জন্য ‘ইউনেসকো কিং হামাদ বিন ইসা আল-খলিফা’ পুরস্কার পেয়েছে জাগো ফাউন্ডেশন এবং জার্মানিভিত্তিক বেসরকারি সংস্থা (এনজিও) ‘কিরন’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এই পুরস্কার দেওয়া হয়।

অনলাইন স্কুল প্রকল্পের মাধ্যমে শিশুদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য জাগো ফাউন্ডেশনকে এবং উচ্চশিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করার জন্য কিরনকে এই পুরস্কার দেওয়া হয়।
প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণ শেষে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ বলেন, এই পুরস্কার জাগো ফাউন্ডেশনকে আরও উৎসাহিত করবে।
গ্রামীণফোন লিমিটেড ও অগ্নি সিস্টেমস লিমিটেডের সহযোগিতায় বর্তমানে জাগো ফাউন্ডেশন ১০টি ইন্টারেকটিভ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘অনলাইন স্কুল’ পরিচালনা করছে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চলের ১ হাজার ৫০০ শিশু বিনা মূল্যে মানসম্মত শিক্ষা পাচ্ছে।
শিশুদের মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য জাগো ফাউন্ডেশন ২০০৭ সালে ঢাকার রায়েরবাজারে বস্তিতে একটি বিদ্যালয় শুরু করে। অন্যদিকে কিরন জার্মানির একটি বেসরকারি প্রতিষ্ঠান, যা বাস্তুহারা, শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কাজ করে থাকে।
২০০৬ সালে ইউনেসকো ইনোভেটিভ শিক্ষাব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে আসছে। এ বছর এই পুরস্কারের বিষয়বস্তু ছিল আইসিটি ব্যবহারের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। বিজ্ঞপ্তি।