কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সড়কের ফুটপাতে সার বেঁধে দাঁড়িয়েছিলেন তাঁরা। বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু। হাতে ধরা ব্যানারে লেখা ‘এসিড সহিংসতা প্রতিরোধে আমরাও ঐক্যবদ্ধ’। ছিল ‘এসো হাতে হাত ধরি, এসিড-সন্ত্রাস রোধ করি’, ‘জাগো মানুষ, রুখো এসিড-সন্ত্রাস’ লেখা প্ল্যাকার্ডও। গতকাল বৃহস্পতিবার এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) ও এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধন থেকে এসিড-সন্ত্রাস নিয়ন্ত্রণে আইনের সুষ্ঠু প্রয়োগ ও আইন অনুযায়ী জেলা কমিটির নিয়মিত বৈঠকসহ অন্য বিষয়গুলো বাস্তবায়নের দাবি তোলা হয়।মানববন্ধনে অংশ নিয়েছিল কয়েকজন এসিডদগ্ধ নারী ও শিশু। তাঁদের মুখে ছিল হার না-মানার প্রত্যয়, যা তাদের মনের সাহসের খোঁজ দেয়। মানববন্ধনে যোগ দেওয়া কলামলেখক সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, এসিড-সন্ত্রাসের ভয়াবহতা, বীভৎসতা অন্য সব নির্যাতনকে হার মানায়। এ-সংক্রান্ত আইন প্রয়োগে সরকারের পদক্ষেপ আরও জোরদার করা প্রয়োজন।এএসএফের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান বলেন, এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ পর্যন্ত প্রায় ৩২ জনের এ শাস্তি হলেও তা কার্যকর হয়নি।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, এএসএফ ও প্রথম আলোর বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। ২০০৩ সালেও দেশে এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটেছে ৩৬৭টি। গত বছর ঘটেছে ৮৪টি। অর্থাৎ সংখ্যা কমে আসছে। তবে আর একটি মুখও যেন এসিডে ঝলসে না যায়, তার জন্য প্রতিরোধমূলক কার্যক্রম আরও বাড়াতে হবে। মানববন্ধনে সংহতি জানাতে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, মাহমুদুজ্জামান বাবু, অভিনেতা আজিজুল হাকিম ও তাঁর স্ত্রী জিনাত হাকিম, অভিনেতা নিরব ও ইমন।ফাহমিদা নবী প্রথম আলোকে বলেন, ‘এই ধরনের মানববন্ধনসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে যারা এই ধরনের কাজ করতে চায়, তাদের মধ্যে লজ্জাবোধ তৈরি করা সম্ভব হবে, তারা মানবিক হবে—এটাই প্রত্যাশা।’এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, আইন থাকলেও তার যথেষ্ট প্রয়োগ নেই। ৯০ শতাংশ আসামিই আইনের ফাঁক গলে বের হয়ে যাচ্ছে। মানববন্ধনে এএসএফের বোর্ড মেম্বার মাসুদ আহমেদ, এসিড সারভাইভারসের প্রতিনিধি ও বোর্ড মেম্বার ফজিলাতুন্নেসা, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল, ঢাকার প্রথম আলো বন্ধুসভার সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও এএসএফ যৌথভাবে গতকাল ঢাকাসহ এসিড-সহিংসতার ঘটনা বেশি ঘটছে এ ধরনের মোট ১১টি জেলায় একই সঙ্গে মানববন্ধনের আয়োজন করে।