জাজিরা ও দৌলতপুরে আরও ৪০০ পরিবার গৃহহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারী ইউনিয়নে পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে গ্রামের বসতবাড়ি। ছবিটি গত বৃহস্পতিবার বিকেলে আতারপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারী ইউনিয়নে পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে গ্রামের বসতবাড়ি। ছবিটি গত বৃহস্পতিবার বিকেলে আতারপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামে আরও ১০০ পরিবারের বসতভিটা নদীতে তলিয়ে গেছে। এদিকে গত এক সপ্তাহে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুটি গ্রামের অন্তত ৩০০ বসতবাড়ি ও একটি বাজার বিলীন হয়ে গেছে।
এ ছাড়া নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতীর প্রবল স্রোতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাচ্ছে। হুমকির মুখে রয়েছে ১৭টি গ্রামের মানুষ।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, গত ৬ আগস্ট থেকে পদ্মার ভাঙনের কবলে পড়ে কলমিরচর গ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত গ্রামটির ১০০ পরিবার গৃহহীন হয়েছে। এ নিয়ে চার দফার ভাঙনে গ্রামটির ৭০০ পরিবার গৃহহীন হয়েছে। তারা পার্শ্ববর্তী ঈশ্বরকাঠি, চেরাগআলী ব্যাপারীকান্দি ও বিলাশপুর গ্রামে ফসলি জমি ও বিদ্যালয়ের মাঠে আশ্রয় নিয়েছে। ওই সব স্থানে খোলা আকাশের নিচে তারা মানবেতর জীবন যাপন করছে।

ভাঙনের আশঙ্কায় গ্রামটির অবশিষ্ট ১০০ পরিবার বসতভিটা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছে। এরই মধ্যে কলমিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া হুমকিতে থাকায় আলহাজ ইসমাইল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের তিনটি ভবন ও কুণ্ডেরচর হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের শ্রেণিকক্ষের আসবাব সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যালয় তিনটির পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে কুণ্ডেরচর কালু ব্যাপারী স্কুল অ্যান্ড কলেজ।

গতকাল ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, জাজিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) মুকুল মৈত্র ও নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ।

জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় জেলা প্রশাসন কাজ করছে। ভাঙনকবলিত মানুষদের খাসজমি দিয়ে পুনর্বাসন করা হবে।

কুষ্টিয়া: এক সপ্তাহে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে চিলমারী ইউনিয়নের দুটি গ্রামের বসতবাড়ি ও একটি বাজার একেবারে বিলীন হয়ে গেছে। গৃহহীন মানুষ আশপাশের বিদ্যালয়সহ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। পানি ধীরগতিতে কমতে শুরু করলেও নতুন করে ভাঙন শুরু হওয়ায় চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ফারাক্কা বাঁধের দরজা খুলে দেওয়ায় চিলমারী ইউনিয়নে পদ্মার ভাঙন তীব্র হয়েছে। ২৬ আগস্ট থেকে গত সাত দিনে পশ্চিম উদয়নগর ও ভবনন্দদিয়াড় গ্রামের ৩০০ বসতভিটা নদীতে চলে গেছে। বিলীন হয়ে গেছে ওই ইউনিয়নের সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র ভবনন্দদিয়াড় বাজার। এ ছাড়া কয়েক দিন আগে বন্যাকবলিত হয় চিলমারী ইউনিয়নের ১৮টি গ্রাম। তলিয়ে যায় খেতের ফসল, পানিবন্দী হয়ে পড়ে ৩০ হাজার মানুষ। এখন বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও পদ্মার প্রবল ভাঙনের মুখে পড়েছে গ্রামবাসী।

ভবনন্দদিয়াড় বাজারের মুদিদোকানি জাফর আলী বলেন, ‘২৫ বছর ধইরা এই বাজারে ব্যবসা কইরা খাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পদ্মার ভাঙনে পথের ফকির হইয়া গ্যালাম। হড়মড় কইরা ভাঙন আইসা পড়ল। দোকানের কোনো মাল রক্ষা করবার পারি নাই।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান বলেন, চিলমারীতে ১২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। তাদের পুনর্বাসন সহায়তার জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে।

লোহাগড়া (নড়াইল): পাউবোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা অংশে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। ওই বছরই নতুন করে সেখানে মাটি ফেলা হয়। ওই বাঁধে এখন ভাঙন দেখা দিয়েছে।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, মধুমতীর প্রবল স্রোতে ঘাঘা গ্রামে বাঁধের প্রায় আধা কিলোমিটার অংশের পাঁচটি স্থানে ভাঙন ধরেছে। ইতিমধ্যে বাঁধের তিন-চতুর্থাংশ নদীতে চলে গেছে। দুটি স্থানে পাউবো বালুর বস্তা দিয়ে স্রোত ঠেকানোর প্রস্তুতি নিয়েছে। সেখানে তীব্র স্রোতে পানি ঘুরপাক খাচ্ছে।

স্থানীয় লোকজন বলেন, প্রতিবছরই এখানে বাঁধে ভাঙন দেখা দেয়। এবারও সেই একই অবস্থা। যেকোনো সময় বাঁধ ভেঙে কোটাকোল, ইতনা, মল্লিকপুর ও দিঘলিয়া ইউনিয়নের ১৭টি গ্রাম এলাকা বন্যায় প্লাবিত হতে পারে। এতে ফসল ও গাছপালা ক্ষতিগ্রস্ত হবে। অনেক পরিবার আশ্রয়হীন হবে।

পাউবোর লোহাগড়া উপজেলা দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী এ এইচ এম আল জহির বলেন, যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে পারে। তাই ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ওই এলাকার ভাঙনরোধে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো অর্থ বরাদ্দ হয়নি।