শরীয়তপুরের জাজিরা উপজেলা সদরে গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সাংসদ বি এম মোজ্জামেঞ্চল হক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি মোবারক আলী শিকদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় উপজেলা সদরের টিঅ্যান্ডটি মোড়ে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
আহত ব্যক্তিরা হলেন মোবারক আলীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ফকির, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির চৌকিদার ও সাত্তার ঢালি, নুর হোসেন বেপারি ও ফয়জুল ফকির এবং সাংসদ মোজাম্মেলের সমর্থক জাজিরা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হালিম বয়াতি, কামাল শেখ ও নুরুল হক বেপারি।
তাঁদের মধ্যে কামাল শেখ ও নুরুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় নুরুল হককে ঢাকায় পাঠানো হয়েছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ও কনস্টেবল শাজাহানও সংঘর্ষে আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে সাংসদ মোজ্জাম্মেল হকের সমর্থক ছাত্রলীগের নেতা হালিম বয়াতি কলেজের ক্যাম্পাসে ব্যানার লাগাতে গেলে মোবারক শিকদারের সমর্থকেরা তাঁকে মারধর করেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মোবারক শিকদারের সমর্থক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।
এ খবর ছড়িয়ে পড়লে বেলা একটার দিকে দুই পক্ষের সমর্থকেরা উপজেলা সদরের টিঅ্যান্ডটি মোড়ে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় টিঅ্যান্ডটি মোড়ে অবস্থিত মোজ্জাম্মেল হকের সমর্থকদের একটি কার্যালয় ভাঙচুর করা হয়। বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় উপজেলা সদরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০টি ফাঁকা গুলি ও ১৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ঢাকা-শরীয়তপুর সড়কে যান চলাচলও বন্ধ থাকে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসিরউদ্দিন বলেন, ‘মোবারক শিকদারের সমর্থকেরা ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধর করেন। আমাদের কার্যালয়ে ভাঙচুর চালান।’
মোবারক আলী শিকদার মুঠোফোনে বলেন, ‘মোজাম্মেল হকের সমর্থকেরা আমার বাড়ির সামনে একটি ক্লাব বানিয়েছিল। সেখানে বসে বখাটে যুবকেরা কলেজ ও স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করত। তাই এলাকাবাসী ক্লাবটি ভেঙে দিয়েছে। এ ঘটনার জের ধরে তারা আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।’
শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজামেঞ্চল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।