জাজিরায় প্রতিপক্ষের ১৫ বাড়িতে ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত আবুল হোসেন সরদার (২৩) নামের এক ব্যক্তির মৃত্যুর পর গতকাল মঙ্গলবার সকালে প্রতিপক্ষের ১৫টি বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।
আবুল হোসেন সরদার গত সোমবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ ও এলাকার কয়েকজন সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ বি এম মোজাম্মেল হক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি মোবারক আলী শিকদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাঁদের সমর্থকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ১৫ সেপ্টেম্বর বিলাশপুর ইউনিয়নের মুলাই বেপারীর কান্দি গ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংসদের সমর্থক ওই গ্রামের আবুল হোসেন সরদার আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তিনি সোমবার রাতে মারা যান।
আবুল হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাংসদের সমর্থকেরা মেহের আলী মাদবরের কান্দি, মুলাই বেপারীর কান্দি, সারেং কান্দি গ্রামে প্রতিপক্ষের ১৫টি বাড়ির ২৫টি ঘরে ভাঙচুর চালান। হামলাকারীরা এ সময় ২০টি গরু লুট করে নিয়ে যান।
আবুল হোসেনের স্ত্রী নূপুর বেগম বলেন, তাঁর স্বামী আওয়ামী লীগের একটি পক্ষের সমর্থক থাকায় তাঁকে হত্যা করা হয়েছে।
গতকাল দুপুরে আলী মাদবরের কান্দি, মুলাই বেপারীর কান্দি ও সারেং কান্দি গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিপক্ষের বসতঘরের বেড়া কোপানো ও আসবাব ভাঙচুর করা হয়েছে। হামলার আশঙ্কায় ওই সব বাড়ির পুরুষ সদস্যরা পালিয়ে গেছেন।
মোবারক আলী শিকদার মুঠোফোনে বলেন, ‘বিলাশপুরে আমার কোনো গ্রুপ নেই। সাংসদ মোজাম্মেল হক সেখানে দুটি সন্ত্রাসী গ্রুপ লালন-পালন করেন। তারা নিজেরাই সংঘর্ষ করে হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
এ বিষয়ে শরীয়তপুর-১ আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের মুঠোফোনে একাধিকবার ফোন করে ও খুদে বার্তা পাঠিয়েও তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছিল। এখন সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। বিলাশপুর ইউনিয়নের চারটি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।