জাজিরার ছয় গ্রামে সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ও পালেরচর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে ছয়টি গ্রামে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গ্রামগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, বড়কান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদার ও সাবেক চেয়ারম্যান সফিউদ্দিন খলিফার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। সিরাজুল ইসলাম সরদারের সমর্থকেরা বুধবার সফিউদ্দিনের সমর্থক মফিজউদ্দিন রাড়ীকান্দি গ্রামের তাসলিমা বেগম ও সপ্তম শ্রেণীর ছাত্র আকাশকে মারধর করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোরে সফিউদ্দিন খলিফার সমর্থকেরা সিরাজুল ইসলাম সরদারের সমর্থকদের বাড়িতে হামলা করে। তখন কোতোয়ালকান্দি, ব্যাপারীকান্দি, মৃধাকান্দি, মোল্লাকান্দি, ফকিরকান্দি ও মফিজউদ্দিন রাড়ীকান্দি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের ৫০টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। বড়কান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদার বলেন, ‘দীর্ঘদিন ধরে সফিউদ্দিন খলিফার সমর্থকেরা এলাকায় মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছে। আমরা প্রতিবাদ করলেই আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’ সফিউদ্দিন খলিফা বলেন, ‘কয়েক দিন ধরেই সিরাজ সরদারের লোকজন আমার সমর্থকদের মারধর করতে ছিল। বৃহস্পতিবার আমার সমর্থকেরা এর প্রতিবাদ করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা গ্রামের মানুষের ঘর ভাঙচুর ও লুটপাট করেছে।’