জাজিরায় আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরের জাজিরায় গত বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৫০ ব্যক্তি আহত হয়। এদের মধ্যে টেঁটাবিদ্ধ সরদারকান্দি গ্রামের হারুন সরদার (৪০) জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত নয়টায় মারা যান।আগামী ১৯ ডিসেম্বর বড়কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদার ও সাবেক চেয়ারম্যান সফিজ উদ্দিন খলিফার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁরা দুজনই উপজেলা আওয়ামী লীগের সদস্য।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার ভোর চারটায় সফিজ উদ্দিন খলিফার সমর্থকেরা সরদারকান্দি গ্রামে হামলা চালায়। একপর্যায়ে খলিফাকান্দি, কোতোয়ালকান্দি, পূর্বকান্দি, ছৈয়ালকান্দি ও উমরউদ্দিন মাদবরকান্দি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সকাল আটটা পর্যন্ত গ্রামগুলোতে সংঘর্ষ চলে। সংঘর্ষে দুই পক্ষের ৫০ ব্যক্তি আহত হয়। এ সময় দুই পক্ষের ৭০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটরসহ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।পরে পুলিশ গ্রামগুলোতে অভিযান চালিয়ে ৩৮টি টেঁটা, ১২টি ঢাল ও চারটি রামদা উদ্ধার করে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাত ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।নিহত হারুন সরদারের ভাই জালাল সরদার অভিযোগ করেন, সফিজ উদ্দিন খলিফার নেতৃত্বে তাঁর সমর্থকেরা ঘুমন্ত মানুষের ওপর হামলা চালিয়েছে। তাদের ছোড়া টেঁটার আঘাতে তাঁর ভাইয়ের মারা যায়।সফিজ উদ্দিন খলিফা বলেন, সিরাজ সরদারের সমর্থকেরা দুই বছরে তাঁর সমর্থকদের ওপর ছয়বার হামলা করেছে। তিনি দাবি করেন, বৃহস্পতিবার তারা হামলা করতে এলে তাঁর সমর্থকেরা বাধা দেয়। হারুন সরদার কার আঘাতে মারা গেছে, তা তাঁর জানা নেই। হারুন সরদারের মৃত্যুর সংবাদ এলাকায় আসার পর সিরাজ সরদারের সমর্থকেরা গ্রামে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হারুনের মৃত্যু সংবাদ পাওয়ার পর পুলিশকে আরও সতর্ক করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।