ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, কর্মকর্তাকে মারধর, আহত ৫০
জাজিরায় উপজেলা নির্বাচন কার্যালয়ে হামলা, ভাঙচুর
শরীয়তপুরের জাজিরায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাতে স্থানীয় উপজেলা নির্বাচন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০টি গুলি ছুড়েছে।ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হাতে লাঞ্ছিত হন প্রিসাইডিং কর্মকর্তা। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।উপজেলা নির্বাচন কার্যালয় ও থানা সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার বড়কান্দি, মুলনা ও জাজিরা ইউপি নির্বাচন হয়। বড়কান্দি ইউনিয়নের চরখাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষ হলে সদস্য পদপ্রার্থী হারুন হাওলাদারের সমর্থকেরা ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেন। মনাই ছৈয়ালকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে সদস্য পদপ্রার্থী নূর হোসেন দরজির সমর্থকেরা ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। রাত নয়টার দিকে এই ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজ সরদার ও অপর চেয়ারম্যান পদপ্রার্থী আলী আশ্রাফ মালের সমর্থকেরা ফলাফল ঘোষণার দাবিতে উপজেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় অর্ধশত গুলি ছোড়ে। হামলাকারীরা এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশের গুলি ও হামলাকারীদের ককটেলের আঘাতে কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিরা গ্রেপ্তারের ভয়ে গোপনে চিকিত্সা নিচ্ছেন। বিশৃঙ্খল পরিস্থিতিতে বড়কান্দি ইউপির ফলাফল ঘোষণা করা হয়নি। হামলা, কর্মকর্তাকে মারধর, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশীদ, প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম ও শরীফ মোহামঞ্চদ বাদী হয়ে জাজিরা থানায় তিনটি মামলা করেছেন। মামলায় দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।সিরাজ সরদার বলেন, ‘আমার বিজয় নিশ্চিত জেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আশ্রাফ মালের সমর্থকেরা নির্বাচন কার্যালয়ে হামলা চালিয়েছেন। এ ঘটনায় আমার কয়েকজন সমর্থক আহত হয়েছেন।’তবে আলী আশ্রাফ মাল বলেন, ‘আমার বিজয় ছিনিয়ে নিতে সিরাজ সরদারের সমর্থকেরা ওই হামলা চালান। এ সময় পুলিশ গুলি ছুড়লে কয়েকজন আহত হন।’কর্মকর্তা হারুন-অর-রশীদ বলেন, রাত নয়টার দিকে একদল লোক অতর্কিতে কার্যালয়ে হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাহায্য চাওয়া হয়। তখন পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুস সাত্তার বলেন, হামলার ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ৫০টি ফাঁকা গুলি ছুড়েছে।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ১১ ব্যক্তিকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া ব্যালট পেপার ও বাক্স উদ্ধারের চেষ্টা চলছে।