জাজিরায় পদ্মার ভাঙনে ১৫০ পরিবার ঘরহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মাতীরের শরীয়তপুরের জাজিরা উপজেলার পালের চর ও পূর্ব নাওডোবা ইউনিয়নের পাঁচটি গ্রামে ভাঙন বেড়ে গেছে। গত দুই মাসে ভাঙনে এসব গ্রামের ১৫০টি পরিবারের বসতভিটা ও ৫০০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম শেষ হওয়ার পরও পদ্মা নদীতে স্রোত থাকায় ও নদীর তীর খাড়া হওয়ায় ভাঙন বেড়ে গেছে। এতে জাজিরা উপজেলার পালের চর ইউনিয়নের আকনকান্দি, রাঢ়ীকান্দি, ফইজউদ্দিন, মাদবরকান্দি এবং পূর্ব নাওডোবা ইউনিয়নের কছিমদ্দিন মাদবরকান্দি ও মাঝিকান্দি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত গ্রামগুলোর ১৫০টি পরিবার ভাঙনের শিকার হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে ৫০০ একর ফসলি জমি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধ নির্মাণের জন্য কোনো প্রকল্প গ্রহণ করেনি। পালের চর ইউনিয়নের আকনকান্দি গ্রামের জুলহাস মিয়া (৪৫) বলেন, ‘এ বছর শুষ্ক মৌসুমেই পদ্মায় ভাঙন দেখা দিয়েছে। এতে আমাদের ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।’রাঢ়ীকান্দি গ্রামের মেজবাহ উদ্দিন (৫০) বলেন, ‘নদীভাঙনে বসতভিটা হারিয়ে আমরা পাশের গ্রামে আশ্রয় নিয়েছি। ভাঙন রোধের জন্য বাঁধ নির্মাণ করা না হলে বর্ষা মৌসুমে গ্রামগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে।’পাউবোর শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ জানান, ভাঙন রোধে পালের চর ও পূর্ব নাওডোবা ইউনিয়নের স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। এ ব্যাপারে তিনি পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেবেন।