জাজিরায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
২১ জুন দুপুরে ওই তরুণীর প্রতিবেশী আবু সালাম ওই তরুণীকে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই তরুণী ঘটনাটি তাঁর মাকে জানান। বিষয়টি পারিবারিকভাবে মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়।
শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি গ্রামে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বুদ্ধি ও বাক্প্রতিবন্ধী। ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে আবু সালাম ফরাজি (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা-পুলিশ।
আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জাজিরা থানা সূত্রে জানা গেছে, ২১ জুন দুপুরে ওই তরুণীর প্রতিবেশী আবু সালাম ওই তরুণীকে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই তরুণী ঘটনাটি তাঁর মাকে জানান। বিষয়টি পারিবারিকভাবে মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়।
গতকাল ঘটনাটি জাজিরা থানা-পুলিশ জানতে পারলে তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়। সন্ধ্যায় তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। রাতে পুলিশ আবু সালাম ফরাজিকে গ্রেপ্তার করে।
তরুণীর মা বলেন, তাঁর মেয়ে বুদ্ধি ও বাক্প্রতিবন্ধী। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি। সারা দিন চোখে চোখে রাখার চেষ্টা করেন। এরপরও অনেক সময় গ্রামের বিভিন্ন স্থানে চলে যান তাঁর মেয়ে। এ সুযোগ নিয়ে আবু সালাম তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন। প্রতিবেশী ও আত্মীয়স্বজনের চাপে ঘটনাটি প্রথমে থানায় জানাতে পারেননি। তিনি আবু সালামের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু চন্দ্র মণ্ডল বলেন, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনাটি জানার পরপরই পুলিশ তৎপর হয়। আজ শরীয়তপুর সদর হাসপাতালে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।