জাজিরায় বোমা তৈরি করতে গিয়ে ইউপি সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহের আলী মুন্সীকান্দি গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে বোমা বানাতে গিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন জাজিরা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু সরদার এবং রুহুল আমিন মুন্সী। তাঁদের বাড়ি পাশের মনির উদ্দিন সরদারকান্দি গ্রামে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্ফোরক আইনে জাজিরা থানায় মামলা হয়েছে।জাজিরা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে মেহের আলী মুন্সীকান্দি গ্রামের হিরু চৌকিদারের বাড়িতে বোমা তৈরির সময় বারুদের বিস্ফোরণ ঘটে। বাচ্চু সরদার তাঁর শ্বশুরবাড়িতে বসে ৮-১০ জন সঙ্গী নিয়ে বোমা বানাচ্ছিলেন। এ সময় বারুদের বিস্ফোরণে বাচ্চু সরদার ও রুহুল আমিন মুন্সী আহত হন। প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।