জাজিরায় সড়ক, বাসস্ট্যান্ড ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন
শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝি লঞ্চঘাট এলাকায় পদ্মার ভাঙন বেড়েছে। গত এক সপ্তাহে এ এলাকার ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান, পাকা সড়ক, অস্থায়ী বাসস্ট্যান্ড ও ২৫টি বসতভিটা বিলীন হয়ে গেছে। সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় লঞ্চঘাটে ওঠানামা করতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার সঙ্গে শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর ও বরিশাল জেলার একটি অংশের সড়কপথে যোগাযোগের প্রধান ঘাট হলো জাজিরা উপজেলার মঙ্গলমাঝি লঞ্চঘাট। পদ্মার ভাঙনে লঞ্চঘাটের সড়ক বিলীন হয়ে যাওয়ায় ঈদে ঘরমুখী হাজার হাজার মানুষ এ পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়ে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শরীয়তপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙনে বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি ঢাকা-শরীয়তপুর সড়কের ৫০ মিটার, লঞ্চ টার্মিনাল ও মূল সড়কের মধ্যে সংযোগ স্থাপনকারী ১০০ মিটার রাস্তা, অস্থায়ী বাসস্ট্যান্ড এবং পাশের মাঝিকান্দি ও মাদবরকান্দি গ্রামের ২৫টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। শরীয়তপুর পাউবোর অর্থ বরাদ্দ না থাকায় এ মুহূর্তে ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, লঞ্চ টার্মিনালের সংযোগ সড়ক নদীগর্ভে বিলীন হওয়ায় ফসলি জমিতে লঞ্চ ভেড়াতে হচ্ছে। এখানে ঝুঁকিপূর্ণভাবে যাত্রীদের ওঠানামা করতে হয়। বাসস্ট্যান্ডটি নদীগর্ভে বিলীন হওয়ায় শরীয়তপুর সড়কের ওপরে বাস, টেম্পুসহ সব ধরনের যানবাহন রাখতে হয়। এতে প্রায় এক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।জাজিরা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলমাঝি লঞ্চঘাটে পদ্মার ভাঙন থাকায় শরীয়তপুর সড়কের দেড় কিলোমিটার দক্ষিণে গনির মোড় নামক স্থানে অস্থায়ী বাসস্ট্যান্ড চালু করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের যানবাহন গনির মোড়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের এই দেড় কিলোমিটার রাস্তা রিকশা ও ভ্যানে যাতায়াত করতে হবে।ঢাকা-শরীয়তপুর সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন হেদায়েত ইসলাম। তিনি বলেন, ‘পদ্মার ভাঙনে লঞ্চঘাটের সংযোগ সড়ক বিলীন হয়ে গেছে। এখন ফসলি জমিতে লঞ্চ ভেড়াতে হচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে কাঁদা-পানির মধ্যেই আমাদের ওঠানামা করতে হয়।’পাউবোর শরীয়তপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, এ মুহূর্তে শরীয়তপুর কার্যালয়ে কোনো অর্থ বরাদ্দ নেই। পাউবোর ঢাকা কার্যালয়ে অর্থ চেয়ে পত্র দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, ভাঙন রোধ করার জন্য পাউবোর কর্মকর্তাদের কয়েক দফা অনুরোধ করা হয়েছে।