জাজিরায় ৮ গ্রামে সংঘর্ষ ভাঙচুর ও লুটপাট
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গতকাল শুক্রবার সকালে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, শতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়কান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদার ও সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ খলিফার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে বড়কান্দি ও পালেরচর ইউনিয়নের আটটি গ্রামে হামলা চালান সিরাজুল সরদারের সমর্থকেরা। তাঁরা ঢাল, সড়কি, রামদা, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে খলিফাকান্দি, কাদিরবক্স সরদারকান্দি, মীরআলী সরদারেরকান্দি, রজবআলী সরদারেরকান্দি, রাড়ীকান্দি, আফিলদ্দিন ফকিরেরকান্দি ও ডাক্তার মফিজুল ইসলাম রাঢ়ীকান্দি গ্রামে হামলা চালায়। সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আতঙ্কে লোকজন ছোটাছুটি করে। তখন সিরাজ সরদারের সমর্থকেরা গ্রামগুলোর শতাধিক বাড়িঘরে ভাঙচুর করে লুটপাট চালান। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।পালেরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলহাস রাঢ়ী অভিযোগ করেন, ‘সকাল ছয়টার দিকে চেয়ারম্যান সিরাজুল সরদারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে হামলা চালায়। আমরা ভয়ে পালিয়ে যাই।’সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ খলিফা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান সিরাজুল সরদার ও তাঁর ছোট ভাই রতন সরদারের নেতৃত্বে তাঁর সমর্থকদের শতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।তবে চেয়ারম্যান সিরাজুল সরদার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি জাজিরা শহরে থাকি এবং আমার ছোট ভাই ঢাকায় থাকে। শুনেছি, এলাকায় ১০-১২টি বাড়িঘর ভাঙচুর হয়েছে। এতে আমার লোকজন জড়িত ছিল না।’জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বড়কান্দিতে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।