জাটকা ও মা ইলিশ ধরা বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেছেন, ইলিশ আমাদের জাতীয় গৌরব। একে রক্ষায় জাটকা ও মা ইলিশ ধরা বন্ধ করতে হবে। দেশ থেকে কারেন্ট জাল উঠিয়ে দিতে হবে। এতে শুধু দেশের মানুষের চাহিদা পূরণই নয়, বিশ্ববাসীকেও ইলিশের স্বাদ ফিরিয়ে দিতে পারবে বাংলাদেশ।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ইলিশ রক্ষায় নেওয়া জাতীয় প্রকল্প ‘ইকোফিশ-বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।
যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় আগামী পাঁচ বছর এই প্রকল্পটি চলবে।

অনুষ্ঠানে ছায়েদুল হক বলেন, দেশের ৪০০ কিলোমিটার নদীপথে ইলিশ বিচরণ করে। এই বিচরণ এলাকায় চার ধরনের কারেন্ট জাল ব্যবহার করে জাটকা শিকার চলছে। সরকার এই জাটকা শিকারের বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর হবে। যারা এ ধরনের জাল তৈরি ও ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত মৎস্যবিষয়ক বিভিন্ন সংস্থা এবং আটটি দেশি-বিদেশি সংস্থা প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের আওতায় ইলিশ মাছের উৎপাদন বাড়াতে বৈজ্ঞানিক গবেষণা, মাছের আবাস ও প্রজননের স্থান রক্ষা, জাটকা ও মা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে ইকোফিশ প্রকল্পের প্রধান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের আবদুল ওয়াহাব বলেন, বিশ্বের মোট ইলিশের ৬৫ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। এই মাছে ভিটামিন এ, জিংক ও ওমেগা-৩ নামের খাদ্যগুণ আছে, যা বিশ্বের বেশির ভাগ মাছে নেই।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের ২০ লাখ মানুষের জীবিকার উৎস ইলিশ। জাটকা ও মা মাছ ধরা বন্ধ করলে বাংলাদেশে ইলিশের সংস্থান বাড়বে। এতে ওই ২০ লাখ মানুষের আয় বাড়বে। ইলিশ রক্ষায় বাংলাদেশ বিশ্বে একটি মডেল তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে ইলিশের সংখ্যা বৃদ্ধিতেও বাংলাদেশ ভূমিকা রাখছে।

ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের এ দেশীয় পরিচালক ক্রেগ মেইজনারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফ আজাদ, ওয়ার্ল্ড ফিশের ডেপুটি জেনারেল ম্যানেজার পেট্রিক ডুগান, ইউএসএআইডির পরিবেশবিষয়ক কর্মকর্তা নাথান সেগ।

অনুষ্ঠানে ইলিশ রক্ষার ব্যাপারে সচেতনতামূলক তথ্যচিত্র দেখানো হয়। নাট্যদল পালাকার পরিবেশন করে নাটক।

ওয়ার্ল্ড ফিশের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিদের হাতে ইলিশের রেপ্লিকা তুলে দেওয়া হয়।