জাটকা ও মা ইলিশ সংরক্ষণ করলে জেলেদেরই লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর সেবার দায়িত্ব জেলেদের। জাটকা ও মা ইলিশ সংরক্ষণ করলে জেলেদেরই বেশি লাভ হবে। তাঁরা সচেতন হলে ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজন হবে না। বেশি ইলিশ পেলে আর আর্থিক সহযোগিতারও প্রয়োজন হবে না। বরিশালে অনুষ্ঠিত জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
‘জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে’ শিরোনাম নিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বরিশাল থেকে। জাটকা নিধন বন্ধে জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই এই আয়োজন।
বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহামঞ্চদ ছায়েদুল হক। বেলা পৌনে দুইটায় বরিশালের কীর্তনখোলা নদীতে নৌ শোভাযাত্রারও উদ্বোধন করেন মন্ত্রী।
ইলিশের সিংহভাগ আহরণ করা হয় বরিশাল বিভাগ থেকে। তাই জাটকা সংরক্ষণের ক্ষেত্রেও বরিশালের ওপর গুরুত্ব বেশি।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহামঞ্চদ ছায়েদুল হক বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রকৃত জেলে চিহ্নিতকরণের জন্য পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। জাটকা ও মা ইলিশ সংরক্ষণে জেলেদের ভিজিএফ চাল প্রতিমাসে ১০ কেজি থেকে বৃদ্ধি করে ৪০ কেজিতে উন্নীত করা হয়েছে। মন্ত্রী উপস্থিত জেলেদের জাটকা না ধরার জন্য হাত তুলে অঙ্গীকার করান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ শওকত হোসেন, তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন প্রমুখ।