জাটকা ছিনিয়ে নিলেন ছাত্রলীগ কর্মীরা
নোয়াখালীর সোনাইমুড়ীতে বাজার থেকে আটক করা চার মণ জাটকা মত্স্য কর্মকর্তার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন ছাত্রলীগ কর্মীরা। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় মত্স্য কর্মকর্তা ছাত্রলীগের ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।মত্স্য অফিস, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মত্স্য কর্মকর্তা ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশের সহযোগিতায় স্থানীয় বাজারে অভিযান চালিয়ে প্রায় চার মণ জাটকা ইলিশ আটক করা হয়। জাটকাগুলো পুলিশ পাহারায় উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে এনে রাখা হয়। দুপুর একটার দিকে দায়িত্বরত পুলিশ থানায় দুপুরের খাবার খেতে গেলে ছাত্রলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে হাজারী ও মাছ ব্যবসায়ীসহ তাঁর ১০-১২ জন সহযোগী এসে জোরপূর্বক আটক জাটকাগুলো ভ্যানে তুলে নিয়ে যায়। মত্স্য কর্মকর্তা ইকবাল হোসেন অভিযোগ করেন, মাছগুলো ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাঁকে গালমন্দ করা হয়। ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি জেলা সদরে সভায় থাকায় মত্স্য কর্মকর্তাকে পুলিশ নিয়ে অভিযান চালাতে বলেছিলেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবু মাছ ছিনিয়ে নেওয়ার কথা নিশ্চিত করে বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ছাত্রলীগের কেউ নয়, তারা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।