জাটকা ধরতে জেলেদের দাদন দিবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা ধরতে জেলেদের দাদন না দিতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, এজন্য সরকার ও ইলিশ ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হওয়া দরকার। তিনি বলেন, নদী ভরাট হওয়ায় ইলিশের বিচরণক্ষেত্র কমে গেছে। ভরাট নদীগুলো খননের উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু যেসব দাতার নাম বেশি শোনা যায় তারা খনন কাজের জন্য অর্থ সহায়তা দিতে চায়না। অবশ্য কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এতে রাজি হয়েছে।গতকাল বৃহস্পতিবার ‘ইলিশ সম্পদ উন্নয়নে অভয়াশ্রম ও প্রজনন ক্ষেত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১০ উপলক্ষে মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এই সেমিনার আয়োজন করে।মতিয়া চৌধুরী বলেন, দাতারা বলে খনন কাজ খুবই ব্যয়বহুল। কিন্তু নদীর পাড়ে বাঁধ নির্মাণ বা পোল্ডার তৈরির জন্য তারা সহায়তা দিতে চায়। অথচ এসব বাঁধ ও পোল্ডার নদীর নাব্যতা হ্রাস ও জলাশয় ভরাট হওয়ার জন্য অনেকাংশে দায়ী।মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস বলেন, জাটকা ও ডিমওয়ালা ইলিশ নিধন এবং পরিবেশের পরিবর্তন দেশে ইলিশ স্বল্পতার কারণ। মূল প্রবন্ধে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ২০০৩ সাল থেকে জাটকা ধরার ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশে ইলিশের উত্পাদন বেড়েছে।অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. গোলাম হোসেন বলেন, বিশ্বের মোট ইলিশের ৬০ শতাংশ উত্পাদিত হয় বাংলাদেশে। মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক মো. মজিবুর রহমান বলেন, জাতির স্বার্থেই ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ করতে হবে।