‘আমরা নারী আমরাও পারি’ স্লোগান সামনে রেখে ভোলা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মৎস্যজীবী নারী সম্মেলন। উপস্থিত শতাধিক মৎস্যজীবী ও জেলেবউয়ের ভাষ্য ছিল, ‘জাটকা ধরব না ৯ মাস, সুখে থাকব ১২ মাস।’ এ সময় তাঁরা বিকল্প কাজ করার অঙ্গীকার করেন।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভিন আখতার নারী মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনি নারী হয়েও ঝড়বৃষ্টি ও জলের সঙ্গে লড়াই করে মাছ ধরছেন। কী কষ্ট! জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। আমরা আপনার শ্রমের মর্যাদা চাই! রাষ্ট্রের স্বীকৃতি চাই।’
জাটকা সংরক্ষণ করে ইলিশ বড় করে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা এ সম্মেলনের উদ্দেশ্য। এ ইলিশ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় মৎস্যজীবী নারী ও জেলেবউদের সম্পৃক্ততা ও সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ বা ইকোফিশ প্রকল্প। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তর। অর্থায়ন করছে ইউএসএআইডি। সম্মেলনে ৭ জন সফল নারীর প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সম্মেলনে উপস্থিত ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের জেলেবউ সোনিয়া আক্তার বলেন, জাটকা সংরক্ষণ মৌসুমে বেকার জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ইকোফিশ তাঁদের সেলাই প্রশিক্ষণ, বিভিন্ন রকমের শোপিচ ও পুতুল তৈরির প্রশিক্ষণ দিচ্ছে। ওইগুলো আবার কিনে নিচ্ছে। এতে যে আয় হয়, তা স্বামীর আয়ের সঙ্গে যুক্ত হচ্ছে।
একই উপজেলার ভেদুরিয়ার রিমা বেগম বলেন, ৪০ জন জেলেবউ নিয়ে তাঁদের এলাকায় একটি সঞ্চয়ী দল গড়ে উঠেছে। তাঁদের ৪৪ হাজার টাকা জমা হয়েছে। ৫০ হাজার টাকা হলে ইকোফিশ থেকে আরও ২৫ হাজার টাকা দেবে। ওই টাকায় তাঁরা নিজেদের মতো ব্যবসা-বাণিজ্য করবেন বলে আশা করছেন।
সম্মেলনে উপস্থিত ভোলার সংরক্ষিত আসনের সাংসদ মমতাজ বেগম বলেন, ইলিশ সংরক্ষণে জেলেবউ ও মৎস্যজীবী নারীদের এগিয়ে আসতে হবে।
ইউএসএআইডির অর্থনৈতিক প্রবৃদ্ধি বিভাগের উপপরিচালক নাথান সেইজ বলেন, ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। ইলিশ মাছকে কেন্দ্র করে প্রায় ৩০ লাখ মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে। এই মাছের উৎপাদন বাড়লে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। এ জন্য নারীদের এগিয়ে আসতে হবে।
সম্মেলনে আরও বলা হয়, উপকূলীয় অঞ্চলে ১৫ লাখ নারী, যাঁরা জেলেবউ, নয়তো সরাসরি মাছ শিকারের সঙ্গে জড়িত। এসব নারীকে নিয়ে ২০১৫ সাল থেকে বর্তমান পর্যন্ত ২৭৯টি ইলিশ সংরক্ষণ দল গঠন করা হয়েছে। ২০১৯ সাল নাগাদ ৫০০ ইলিশ সংরক্ষণ দল এবং সঞ্চয় দল গঠন করা হবে। যাঁদের আয়মূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে সেলাই, ছাগল পালন ও সবজি চাষ। যাঁরা সংসারে আয় বাড়িয়ে জাটকা সংরক্ষণ করবেন, তথা জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় কমান্ডার ক্যাপ্টেন মোসায়েদ হোসেন।