ভোলায় জেলেদের পুনর্বাসনের মাধ্যমে জাটকা সংরক্ষণের উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অলসতার কারণে অনেক জেলে গতকাল শুক্রবার পর্যন্ত পুনর্বাসন কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল পাননি। এ কারণে জাটকা নিধনও বন্ধ হয়নি। জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাটকাসহ অন্যান্য মাছের পোনা রক্ষার জন্য ভোলার ১৯০ কিলোমিটার জলসীমানায় (মেঘনা-তেঁতুলিয়া) দুই মাস (মার্চ-এপ্রিল) জাল ফেলা নিষিদ্ধ। একই অংশে নভেম্বর থেকে মে পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ। জাটকা সংরক্ষণের জন্য পুনর্বাসন কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জেলেদের সহায়তা করতে বিকল্প কর্মসংস্থান ও চাল বরাদ্দের ব্যবস্থা করা হয়। জেলেদের এ কর্মসূচির আওতায় আনার জন্য প্রতিটি ইউনিয়নে তালিকা তৈরির জন্য একটি কমিটি করা হয়। তালিকা তৈরির দায়িত্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের দেওয়া হয়। জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, ভোলার সাতটি উপজেলার ৬৮টি ইউনিয়ন ও চারটি পৌরসভার ৪০ হাজার ৩৭২টি জেলে পরিবার চার মাস (ফেব্রুয়ারি-মে) ১২০ কেজি করে চাল পাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জেলেদের চাল পাওয়ার কথা।কিন্তু ভোলার সাতটি উপজেলার খাদ্য গুদামগুলোতে বৃহস্পতিবার রাতে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলাগুলোর ৪৪টি ইউনিয়ন ও দুটি পৌরসভা গত বৃহস্পতিবার পর্যন্ত কোনো চাল তোলেনি। পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা এক মাসের চাল তুলেছে। বাকি ২০টি ইউনিয়ন শুধু দুই মাসের চাল উত্তোলন করেছে। চরফ্যাশন, লালমোহন ও তজুমদ্দিনে চাল বিতরণ করা হয়নি।জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবোধ কুমার হাওলাদার বলেন, ‘ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই আমরা জেলেদের জন্য বিশেষ ভিজিএফের চাল বিতরণের নির্দেশ পেয়েছি। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ছাড়পত্র নির্দেশ (ডিও) না পাওয়ায় চাল বিতরণ করা হয়নি।’খোঁজ নিয়ে জানা গেছে, মেঘনা নদীর বরিশালের কালিগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকা থেকে চরফ্যাশন উপজেলার ঢালচর পর্যন্ত রাতে ও দিনের কখনো কখনো জাটকা নিধন চলছে। এসব জাটকা ভোলা সদরের ভোলা খালের মাথা, তেঁতুলিয়ার তীরের শান্তিরহাট, কাচিয়াগুড়া মিয়ার হাটের মাছঘাট এবং দৌলতখান উপজেলার চৌকিঘাটা ও সৈয়দপুর গুপ্তবাজারসহ একাধিক মাছঘাটে বিক্রি করা হচ্ছে।জেলেরা জানান, প্রশাসনের লোকজনকে ম্যানেজ করে তাঁরা নদীতে মাছ ধরছেন। এ জন্য আড়তের মালিকেরা তাঁদের কাছ থেকে মাসে দুবার চাঁদা নিচ্ছেন। ওই চাঁদা আইনের লোকজনকেই দেওয়া হচ্ছে। এ কারণে ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও পুলিশ নদীতে নামলে মুঠোফোনে তাঁদের সতর্ক করে দেওয়া হয়।তজুমদ্দিন স্লুইসগেট মাছঘাটের রাফু মাঝি, লালমোহনের বাত্তির খালের আমির হোসেন মাঝি, বোরহানউদ্দিনের গঙ্গাপুরের বাকের মাঝি ও সদর উপজেলার রাজাপুর চডারমাথা মাছঘাটের ইয়াছিন মাঝি জানান, চাল দেওয়ার কথা ফেব্রুয়ারির প্রথমে। কিন্তু চেয়ারম্যান ও মেম্বাররা এখনো চাল দেননি। এ জন্য তাঁরা গোপনে জাটকা ধরছেন। সংসারের খরচ চালানোর জন্যই তাঁদের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে হচ্ছে। ভোলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম মাঝি অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অলসতার কারণে চাল বিতরণ করা হচ্ছে না। এরা ভুয়া জেলের তালিকা করে গুদাম থেকেই চাল বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে।তজুমদ্দিনের চাঁদপুর ইউপির চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর বলেন, ‘ভোটার তালিকা ও জন্ম নিবন্ধনের কাজে ব্যস্ত ছিলাম। এ জন্য জেলেদের চাল দিতে বিলম্ব হচ্ছে।’বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউপির চেয়ারম্যান বলেন, ‘জাইল্যারা চাউল দিয়া কিয়ারবো, চাউল পাইলেও নদীত যায়, না পাইলেও যায়। আমার ঘরের পাশে নদী আমি কইতাম পারি না!’ তজুমদ্দিনের ইউএনও খায়রুল হাসান বলেন, চেয়ারম্যানদের তালিকা দিতে দেরি করা জেলেদের মধ্যে সঠিক সময়ে চাল বিতরণ করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই চাল বিতরণ করা হবে। অন্যান্য ইউএনও একই কথা বলেন।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হাকিম ও মৎস্য কর্মকর্তা প্রীতিশ চন্দ্র মল্লিক বলেন, চাল কেন বিতরণ হচ্ছে না, তা খতিয়ে দেখা হবে।