জাটকা ধরার আট মাসের নিষেধাজ্ঞা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গতকাল শুক্রবার (১ নভেম্বর) থেকে ৩০ জুন পর্যন্ত দেশের সব নদ-নদীতে জাটকা নিধনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ে নদ-নদীতে সাড়ে চার ইঞ্চির কম ব্যাসের জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আগে নভেম্বর থেকে মে—এই সাত মাস নিষেধাজ্ঞার সময়সীমা বলবৎ থাকত। তাঁরা আরও জানান, ২০০৩ সালের মৎস্য সংরক্ষণ আইনের আওতায় প্রতিবছর নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত—এই সাত মাস জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারিত ছিল। কিন্তু ইলিশের প্রজনন মৌসুম হেরফের হওয়ায় সরকার চলতি বছরের এপ্রিলে এই সময়সীমা এক মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করে।
মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নিষেধাজ্ঞাকালীন জাটকা ধরা, সংরক্ষণ, পরিবহন, বিপণন দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী নয় ইঞ্চি লম্বা ইলিশ জাটকা হিসেবে গণ্য করা হয়। প্রথমবার কেউ এ অপরাধ করলে এক থেকে ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা হতে পারে। দ্বিতীয়বার কেউ একই অপরাধ করলে আইনে দ্বিগুণ শাস্তির বিধান রাখা হয়েছে।
সূত্র জানায়, জাটকা ধরা নিষিদ্ধকালীন ফেব্রুয়ারি থেকে মে—এই চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি জেলে-পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হতো। গত বছর তা বাড়িয়ে ৩০ কেজি করা হয়। চলতি বছর তা ৪০ কেজি করার জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। গত বছর নিষেধাজ্ঞাকালীন দুই লাখ ছয় হাজার জেলে-পরিবারকে ২৫ হাজার মেট্রিক টন খাদ্য-সহায়তা দেওয়া হয়।
বরগুনার অতিরিক্ত দায়িত্বে থাকা পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকরের জন্য সচেতনতামূলক নানা প্রচার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া জেলায় ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি দল সার্বক্ষণিক কাজ করবে।’
মৎস্য অধিদপ্তরের ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পের পরিচালক জাহিদ হাবিব বলেন, সরকার ইলিশ রক্ষায় নানামুখী পদক্ষেপ নেওয়ায় দেশে গত কয়েক বছর ইলিশের উৎপাদন আশানুরূপ বেড়েছে।
তিনি আরও বলেন, ঋতুগত বৈচিত্র্যের কারণে ইলিশের প্রজননকাল সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যায়, জুন মাসেও প্রচুর জাটকা ধরা পড়ে। অথচ আগে এই সময়ে নদ-নদীতে জাটকা পাওয়া যেত না। এসব বিবেচনা করে চলতি বছর নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস বাড়িয়ে জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সরকারের এসব আন্তরিক প্রচেষ্টায় দেশে ইলিশের মজুত বৃদ্ধির পাশাপাশি জাটকা ধরা ও বিক্রি রোধে ব্যাপক জনসচেতনতা এসেছে।