জাটকা ধরার দায়ে ১৪ জেলের দণ্ড
চাঁদপুরের মেঘনা নদী থেকে জাটকা ধরার অপরাধে ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার তাঁদের এই কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলার জাকির হোসেন (২৬), আলমাস (২৬), আলম খান (৩০), সহিদুল ইসলাম (৪০), ইদ্রিস আলী হাওলাদার (৩০), শাহ আলম হাওলাদার (৩০), সুজন দেওয়ান (২০); মুন্সিগঞ্জের সুজন মোল্লা (৪৬), জহির উদ্দিন (৪৬), জিয়াউল হক (২৬), দেলোয়ার হোসেন (৪৫), রওশন আলী(২০) এবং চাঁদপুর সদর উপজেলার ফারুক হোসেন (৪০) ও আবদুর রশিদ (৩০)। তাঁদের মধ্যে ফারুক ও রশিদকে এক বছর করে এবং বাকিদের দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার জোবায়েদুর রহমান জানান, নৌ-পুলিশ গতকাল ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত মতলব উত্তর উপজেলা মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে জাটকা ধরার অভিযোগে ১২ জেলেকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই বছর করে কারাদণ্ড দেন।
কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লে. এনায়েত উল্লাহ জানান, ভোরে চাঁদপুরের মেঘনার মোহনায় অভিযান চালিয়ে দুই জেলেকে আটক এবং পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক জেলে ফারুক ও রশিদকে এক বছর করে কারাদণ্ড দেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, জাটকা রক্ষায় সরকার মার্চ ও এপ্রিল মাসে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ৬০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সময় কেউ মাছ ধরতে নদীতে নামলেই জেল ও জরিমানার নির্দেশ দেওয়া আছে।