জাটকা নিলামে বিক্রি
ভারতে পাচারের চেষ্টার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল দুই হাজার কেজি জাটকা জব্দ করে স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মৎস্য সংরক্ষণ আইনে জাটকা আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ হলেও স্থলবন্দর কর্তৃপক্ষ ওই জাটকা ১৯ টাকা কেজি দরে নিলামে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে ফুলতলা সীমান্তের বটুলি স্থলবন্দর দিয়ে একটি ট্রাকে করে জাটকা এবং নিষিদ্ধ পিরানহা মাছ ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল। বিজিবি ফুলতলা ক্যাম্পের টহল দল তল্লাশি চালিয়ে ট্রাকভর্তি জাটকা ও পিরানহা মাছ উদ্ধার করে। এতে দুই হাজার ২৫০ কেজি জাটকা ও এক হাজার ৩৫০ কেজি পিরানহা পাওয়া যায়। পরে বিজিবি ওই ট্রাকসহ জব্দকৃত মাছ বটুলি স্থলবন্দর কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে। ওই দিন বিকেলে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারে অবস্থিত বটুলি স্থলবন্দর কার্যালয়ে নিলামের মাধ্যমে প্রতি কেজি জাটকা প্রায় ১৯ টাকা দরে ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়। সন্ধ্যার দিকে স্থলবন্দর ও বিজিবির কর্মকর্তাদের উপস্থিতিতে পিরানহা মাছ পুড়িয়ে নষ্ট করা হয়।মৎস্য বিভাগ সূত্র জানায়, ৩১ মে পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও জব্দকৃত জাটকা নিলামে বিক্রি করা ঠিক হয়নি। এ ব্যাপারে স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের খোঁজখবর নেওয়া দরকার ছিল। জাটকাগুলো পুড়িয়ে নষ্ট করা যেত বা কোনো এতিমখানায় দিলে ভালো হতো।’