জাটকা মজুত ও বিক্রির দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে জাটকা মজুত ও বিক্রি করার দায়ে ছয়জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। এ সময় ১ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করা হয়।

সাজাপ্রাপ্ত ছয় মাছ বিক্রেতা হলেন মানিক মিয়া (৪০), মো. আলমগীর (৩৪), মো. মনির হোসেন (২৫), মো. লুৎফর রহমান (৪৮), মো. সিরাজুল ইসলাম (৫০) ও কাঞ্চন (৩২)।

র‍্যাব সূত্র বলেছে, সকাল ছয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দীনের নেতৃত্বে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজার ১ নম্বর ডিআইটি মার্কেটের মাছের আড়তে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটের বিভিন্ন মাছের আড়ত থেকে ১ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করেন। বিক্রি-নিষিদ্ধ এসব জাটকা মজুত ও বিক্রির দায়ে সাতজন মাছ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে মানিক, আলমগীর, মনির, লুৎফর, সিরাজুল ও কাঞ্চনকে এক বছর করে কারাদণ্ড দেন। সোহেল নামের অপর এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাটকা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।