জাটকা রক্ষায় মেঘনায় অভিযান, কারেন্ট জাল জব্দ
জাটকা রক্ষায় চাঁদপুরে মেঘনা নদীতে গতকাল শুক্রবার থেকে কোস্টগার্ডের সদস্যরা অভিযান শুরু করেছেন। তাঁরা গতকাল ভোরে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে প্রায় পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। এ সময় তাঁরা কিছু জাটকাও উদ্ধার করেন। কোস্টগার্ডের এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন অত্যাধুনিক নৌযান সিজিএস রাঙামাটির পেটি অফিসার (সিপিও) এম রওশন আলী। তিনি জানান, গত নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি অব্যাহত থাকলেও এটি তাঁদের বিশেষ অভিযান। আগামী সোমবার পর্যন্ত চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজেন্ডার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা তাঁরা এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন। শুক্রবার ভোরে সরেজমিনে দেখা গেছে, কোস্টগার্ডের সদস্যরা বিশেষ অভিযান চালালেও মেঘনা নদীর ষাটনল, মোহনপুর, আনন্দবাজার, হরিণাঘাট, আলুরবাজার ও হাইমচরের অধিকাংশ এলাকায় শত শত জেলে নৌকা কারেন্ট জাল দিয়ে ইলিশের জাটকা ধরছে।