জাটকা সংরক্ষণ মৌসুম শুরু, চলবে আট মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-ইলিশ রক্ষার পর শুরু হয়েছে জাটকা রক্ষার কর্মসূচি। এর আওতায় গতকাল শনিবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির নিচে জাটকা শিকার নিষিদ্ধ। আর আগামী মার্চ থেকে জুন পর্যন্ত চার মাস দেশের সব নদী ও সাগরে জাল ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মৎস্য অধিদপ্তর জানিয়েছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, গত প্রজনন মৌসুমে (৫ থেকে ১৫ অক্টোবর) মা-ইলিশসহ অন্যান্য মাছ যে ডিম ছেড়েছে, তাদের পোনা-জাটকা বড় হওয়ার সুযোগ দরকার। এ জন্য ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা সংরক্ষণ মৌসুম করা হয়েছে। এই আট মাসের মধ্যে চার মাস (মার্চ-জুন) দেশের সব নদী ও সাগরে জাল ফেলা, মাছ শিকার, বহন, মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় বেকার জেলেদের জন্য সরকার চাল বরাদ্দ করবে।
বরিশাল জেলা মৎস্য অধিদপ্তর জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য মা-ইলিশ রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু জাটকা রক্ষা করতে না পারলে ইলিশের উৎপাদন বাড়বে না। এ জন্য জাটকা রক্ষায় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মা-ইলিশ রক্ষায় গঠিত টাস্কফোর্স দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ইলিশ গবেষক মো. আনিছুর রহমান বলেন, এ বছর যে পরিমাণ মা-ইলিশ ডিম ছাড়তে পেরেছে, তাতে ২৪-২৫ হাজার কোটি পোনা উৎপাদিত হয়েছে। এ সংখ্যাটা গত বছর ছিল প্রায় ২৭ হাজার ৮০০ কোটি। সে অনুযায়ী, এ বছর প্রায় দুই থেকে আড়াই হাজার কোটি ইলিশ উৎপাদন কমে যেতে পারে। যদি জাটকা নিধন বন্ধ করা না যায়, তাহলে লক্ষ্যমাত্রা অনুযায়ী পরিণত ইলিশ পাওয়া সম্ভব হবে না।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানায়, প্রতিবছর ৭০ থেকে ৮০ হাজার মা-ইলিশ সমুদ্র থেকে মিঠাপানিতে আসে। ডিম ছেড়ে তারা আবার সমুদ্রে ফিরে যায়। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে এ হার কমে আসছে। এ বছর ৩৯ দশমিক ৭৮ শতাংশ মা-ইলিশ ডিম ছাড়তে পেরেছে। এটা গত বছর ছিল ৪১ দশমিক ২ শতাংশ। মা-ইলিশ রক্ষায় পদক্ষেপ নেওয়ার পরও এ বছর ১ দশমিক ৪২ শতাংশ ডিম কম ছেড়েছে ইলিশ। এর জন্য জলবায়ুর প্রভাব যেমন দায়ী, এর সঙ্গে নদীর নাব্যতা হ্রাস, পানির প্রবাহ কমে যাওয়া এবং নির্বিচারে মা-ইলিশ ও জাটকা নিধন দায়ী।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, গত অক্টোবর মাসে মা-ইলিশ সংরক্ষণে ১১ দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আগামী আট মাস জাটকা নিধন বন্ধ করার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি চলাকালীন ১০ ইঞ্চির নিচে ইলিশ শিকার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সরকারিভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, আইন প্রয়োগকারী সংস্থা নদীতে জাটকা সংরক্ষণে নিয়মিত টহল দিচ্ছে। অবৈধ জাল পেলে তা আগুনে পুড়িয়ে দিচ্ছে। জাটকা বড় করতে ব্যাপক প্রচার চালানো হয়েছে। বেকার সব জেলে পরিবার যেন চাল পায়, এ জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।