জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা সংরক্ষণ সপ্তাহ (১-৭ এপ্রিল) উপলক্ষে চাঁদপুরের মেঘনা নদীতে বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা হয়েছে। গতকাল রোববার দুপুরে র্যা লির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক উপস্থিত ছিলেন।
শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদী থেকে র্যা লিটি শুরু হয়ে হরিণা ফেরিঘাটে গিয়ে শেষ হয়। এর আগে বড়স্টেশন মোলহেড এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়।
সভায় দুর্যোগ ও ত্রাণমন্ত্রী বলেন, ‘জনগণ যদি সচেতন না হয় তাহলে জাটকা সংরক্ষণ করা সম্ভব নয়। এ জন্য আমাদের উচিত, জাটকা ক্রয়-বিক্রয় বন্ধে ব্যবস্থা নেওয়া। জেলেদের জাটকা ধরা থেকে বিরত রাখতে হলে আমাদের জাটকা কেনা থেকে বিরত থাকতে হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, জেলেদের বর্তমানে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ভবিষ্যতে তাঁদের চালের পরিবর্তে টাকা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।
মৎস্যসচিব শেলিনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ মো. শামসুল হক ভূঁইয়া, সংরক্ষিত মহিলা সাংসদ নূরজাহান বেগম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. জাহের, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগের সম্পাদক আবু নঈম পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর মৎস্যজীবী সমিতির সভাপতি মালেক দেওয়ান প্রমুখ।