জাটকা সংরক্ষণ সপ্তাহেও থেমে নেই নিধন
ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করলেও উপকূলীয় এলাকায় থেমে নেই জাটকা নিধন। নিষেধাজ্ঞা অমান্য করে অনেক জেলেই জাটকা ধরছেন। এর আগে সরকার নভেম্বর মাস থেকে ৩১ মে পর্যন্ত উপকূলীয় এলাকার নদ-নদী ও সাগর মোহনায় ছোট ফাঁসের জাল দিয়ে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ ছাড়া মার্চ ও এপ্রিল মাসে পাঁচটি অভয়ারণ্যে সব ধরনের মাছ ধরাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৭ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস পিরোজপুরের পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন।বরগুনা জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, জাটকা রক্ষা ও ইলিশ সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জেলে ও মৎস্যজীবী সম্প্রদায়, সংশ্লিষ্ট ব্যবসায়ী, আড়তদার ও অন্যদের সচেতন করে তোলা এবং জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির বিষয়টিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যেই জাটকা সংরক্ষণ সপ্তাহসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ইলিশের জন্য চাঁদপুর, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও শরীয়তপুরে অভয়ারণ্য তৈরি করা হয়েছে। এসব জেলার নির্ধারিত স্থানে মার্চ-এপ্রিল মাসে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন নদীতীর ঘুরে দেখা গেছে, এসব এলাকায় প্রতিদিন প্রচুর জাটকা ইলিশ ধরে তা বাজারে বিক্রি করা হচ্ছে। ছোট ফাঁসের কারেন্ট জাল ও অন্যান্য জাল দিয়ে বরগুনার বলেশ্বর নদ, বিষখালী ও পায়রা নদী এবং পটুয়াখালী জেলার আন্ধারমানিক ও বঙ্গোপসাগর মোহনায় জেলেরা জাটকা ধরছেন। গত বৃহস্পতিবার দুপুরেও বরগুনা সদরের মাছখালী জেলেপল্লিসংলগ্ন বিষখালী নদীতে গিয়ে দেখা যায়, কয়েক শ ছোট নৌকায় জেলেরা জাটকা ইলিশ শিকার করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, সরকার মাছ ধরা বন্ধ করেছে ঠিকই, কিন্তু সেই অনুযায়ী তাঁদের সহায়তার ব্যবস্থা না করায় বাধ্য হয়ে তাঁরা জাটকা ধরছেন। জেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ‘আমরা প্রায়ই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাটকা ধরা বন্ধে কার্যক্রম পরিচালনা করি। কিন্তু এত বড় এলাকায় লোকবল সংকটের কারণে সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হচ্ছে না।’ মৎস্য অধিদপ্তরের ‘ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পের’ পরিচালক (পিডি) জাহিদ হাবিব প্রথম আলোকে বলেন, সরকার ইলিশ রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ায় দেশে গত কয়েক বছরে ইলিশের উৎপাদন বেড়েছে। বিশেষ করে সাত মাস ছোট ফাঁসের জাল দিয়ে সব রকমের মাছ ধরা বন্ধ, জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আশ্বিন মাসের পূর্ণিমার আগের দিন থেকে পরবর্তী ১১ দিন ইলিশ ধরা, মজুদ ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এবার দুই লাখ ছয় হাজার জেলে পরিবারকে ২৫ হাজার মেট্রিক টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।