জাটকাবাহী নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের শুরু থেকে মুন্সিগঞ্জে মেঘনা ও ধলেশ্বরী নদীতে বিভিন্ন নৌযানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। কিন্তু জাটকা বহনকারী এসব নৌযানের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে চলমান জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম ২০১৩-এর সফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, চলতি মার্চ মাসে ধলেশ্বরী ও মেঘনা নদীতে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা ১৩টি অভিযান চালিয়ে ৩৩৭ মণ জাটকা জব্দ করেন। এর মধ্যে ১১টি অভিযান চালানো হয় যাত্রীবাহী লঞ্চে। অন্য দুটি অভিযান চালানো হয় ট্রলারে। সংশ্লিষ্টরা জানান, কোনো অভিযানেই জাটকার মালিককে আটক করা সম্ভব হয়নি। ছেড়ে দেওয়া হয়েছে জাটকাবাহী লঞ্চ ও ট্রলার। ব্যবস্থা নেওয়া হয়নি নৌযানের মালিক বা কর্মচারীদের বিরুদ্ধে।এলাকাবাসী বলেন, প্রতিদিন নৌপথে প্রচুর পরিমাণে জাটকা লঞ্চসহ বিভিন্ন নৌযানে করে ঢাকায় নেওয়া হচ্ছে। কিছু জাটকা ধরাও পড়ছে। তাঁদের মতে, আইন থাকার পরও আইন প্রয়োগ না করার কারণে জাটকা নিধন বৃদ্ধি পাচ্ছে।মৎস্য সংরক্ষণ ১৯৫০ ও ১৯৮৪ সালের সংশোধিত আইন অনুযায়ী, কার্তিক মাসের মধ্যভাগ থেকে বৈশাখ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে (নভেম্বর-এপ্রিল) ২৩ সেন্টিমিটার পর্যন্ত ইলিশ মাছ (জাটকা) ধরা, বহন বা বিক্রি করা নিষেধ। এই আইন অমান্যকারীর প্রথমবার অপরাধের জন্য ৫০০ টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অন্যদিকে অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ ১৯৭৬-এর ৫৮(খ) ধারা মোতাবেক লঞ্চের ডেকের ওপর মালামাল বহন নিষিদ্ধ। এই আইন অমান্যকারী লঞ্চমালিককে তিন হাজার টাকা জরিমানা ও মাস্টারকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১১ বার যাত্রীবাহী লঞ্চের ডেক থেকে জাটকা উদ্ধার করা হয়েছে। কিন্তু লঞ্চমালিক বা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। গত বৃহস্পতিবার ভোরে ১২৬ মণ জাটকা জব্দ করা হয়। নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোরে মুন্সিগঞ্জ সদর উপজেলায় মেঘনা নদীতে এমভি বন্ধন নামের একটি লঞ্চে অভিযান চালিয়ে ডেকে থাকা ৪২টি ড্রাম থেকে ১২৬ মণ জাটকা জব্দ করা হয়।কোস্টগার্ডের নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কর্মকর্তা হাসানুর রহমান বলেন, ‘আমরা জাটকা জব্দ করে মৎস্য কর্মকর্তার হাতে তুলে দিই। তাঁরা যদি আইন প্রয়োগ না করেন, আমাদের কী করার আছে।’ জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যমান আইনে জাটকা বহনকারী লঞ্চের মালিক কিংবা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না।’ জাটকা নিধন অভিযান বিফলে যাচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো মনে করি না বিফলে গেছে। অভিযান সফল বলেই আমরা মনে করি।’