জাটকাসহ আটক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ
মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই মণ জাটকাসহ আটক করার পর এক মাছ ব্যবসায়ীকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর ক্রোকিরচর আড়িয়াল খাঁ নদ থেকে দুই মণ জাটকাসহ ইউনুস মোল্লা নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে পুলিশ জাটকা উদ্ধার করলেও এ ঘটনার সঙ্গে ওই ব্যবসায়ী জড়িত নন বলে দাবি করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শাহরিয়াজ বলেন, ভ্রাম্যমাণ আদালতে শুধু জাটকা হাজির করা হয়েছিল। কোনো আসামিকে হাজির করা হয়নি। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল বলেন, আটক ব্যক্তির সঙ্গে উদ্ধার করা জাটকার কোনো সম্পৃক্ততা নেই, তাই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির না করে ছেড়ে দেওয়া হয়েছে।