গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে সংঘাত, সংঘর্ষ, হত্যা, গুম ও সহিংসতার রাজনীতি অব্যাহত আছে। বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনার প্রকৃত তথ্য এখনো উদ্ঘাটিত হয়নি। সমগ্র জাতি আজ গুম-আতঙ্ক ও জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এ কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, দলীয়করণের কারণে সরকার, প্রশাসন ও বিচার বিভাগ অকার্যকর হয়ে পড়েছে। গণতন্ত্র কার্যকরভাবে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজন সরকার ও বিরোধী দলের ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড। তিনি বলেন, ‘আইনের শাসন কতটা দুর্বল হলে কালোটাকা দিয়ে লজ্জাহীনভাবে এত এত ব্যাংক খোলা হচ্ছে, এত পত্রিকা, নতুন নতুন টেলিভিশন চ্যানেল হচ্ছে।’প্রবীণ এই আইনজীবী বলেন, মহাজোট সরকার জনগণের প্রত্যাশামতো দিনবদলের লক্ষ্যে সংবিধান সমুন্নত রেখে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। অথচ, চারদলীয় জোটের দুঃশাসনের বিরুদ্ধে ১৪ দলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হচ্ছে এ মহাজোট সরকার।সেই ১৪ দলীয় জোটে আপনিও ছিলেন, জনগণকে দিনবদলের স্বপ্নও দেখিয়েছিলেন। এখন কি সরকারের ব্যর্থতার দায়ভার নেবেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘মহাজোটকে আমরা ভোট দিতে বলেছি। তাই ২৯ ডিসেম্বর ২০০৮ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট দায়িত্ব গ্রহণ করছি। এরপর কথামতো কাজ হয়নি বলে দায় চাপিয়ে দিলে মেনে নেব।’ তিনি বলেন, যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের সরে যাওয়া উচিত।তাহলে কি মধ্যবর্তী নির্বাচন দাবি করছেন? এ প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আমি মধ্যবর্তী নির্বাচন চাচ্ছি না। তবে সরকার চাইলে কালই নির্বাচন করতে পারে।’সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীনসহ দলের অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।