বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ১১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরকে ১৯৭৬ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মিথ্যা ও প্রহসনমূলক মামলায় কথিত বিচারের নামে ফাঁসি দেওয়া হয়। জাতি দীর্ঘদিন ধরে ওই প্রহসনের বিচারের প্রতিবাদ ও তাহের হত্যার বিচার দাবি করে আসছে। জাতি আজ ঐক্যবদ্ধভাবে তাহের হত্যার বিচারের দাবিতে সোচ্চার।কর্নেল আবু তাহের হত্যার বিচারের দাবিতে সিলেট জেলা ও মহানগর জাসদের উদ্যোগে গতকাল রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা এ কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গতকাল দেশব্যাপী আহূত মানববন্ধন কর্মসূচি পালনের অংশ হিসেবে সিলেটে এ কর্মসূচি পালিত হয়।জেলা জাসদের সভাপতি মো. কলন্দর আলীর সভাপতিত্বে ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবীরের পরিচালনায় বক্তব্য দেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, নারী জোট নেত্রী শামীমা আখতার, ন্যাপ নেতা ইছহাক আলী, সাংবাদিক আল আজাদ, জাসদ নেতা মাহমুদ আলী, লালমোহন দে প্রমুখ। সমাবেশে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম আরও দ্রুত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।