জাতি গঠনে প্রথম আলো শুরু থেকে কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো এ দেশের গণমানুষের পত্রিকা। সমাজ ও জাতি গঠনে এ পত্রিকা শুরু থেকে কাজ করে যাচ্ছে। ফলে দিন দিন এর জনপ্রিয়তাও বাড়ছে, সঙ্গে সঙ্গে এ পত্রিকার দায়িত্বও বেড়ে যাচ্ছে। সে কারণে প্রথম আলোকে আরও সতর্কতার সঙ্গে সাহসী ভূমিকা পালন করতে হবে।নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে প্রথম আলো আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত পাঠক ও শুভানুধ্যায়ীরা এসব কথা বলেন। মতবিনিময় সভার শুরুতে ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে এক শ ১৭ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান বলেছেন, দেশীয় পণ্যের ইতিবাচক প্রচার চাই প্রথম আলোয়। তিনি বিভিন্ন খবরের ফলোআপ প্রতিবেদন বেশি দেখতে চান। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথম আলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে পড়েছে। তিনি বছরের সব দিন পত্রিকা প্রকাশের দাবি জানান। নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ লায়লা আঞ্জুমান আরা বলেন, প্রতিবন্ধী মা ও শিশুদের নিয়ে বেশি বেশি লেখা এবং আলাদা পাতা দেখতে চাই।প্রবীণ শিক্ষক শফিকুল হক বলেন, প্রথম আলোর ‘বদলে যাও, বদলে দাও’ স্লোগান আমাদের আলোড়িত করেছে। তবে আমরা সেভাবে বদলাতে পারিনি। তিনি এই স্লোগানের জরুরি বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেন। সাবেক সাংসদ আলিমুদ্দিন প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করতে প্রথম আলোকে ভূমিকা রাখার আহ্বান জানান।মহিলা সমিতির জেলা সভাপতি তাহমিনা হক অসহায় মানুষের সাহায্যে প্রথম আলোর ভূমিকার প্রশংসা করেন এবং অসহায় মানুষের আবেদন আরও গুরুত্ব দিয়ে ছাপানোর দাবি জানান। একই আহ্বান জানান জলঢাকা ডিগ্রি কলেজের শিক্ষক গোলাম মোস্তফাও। পাঠক-শুভানুধ্যায়ীদের বিভিন্ন প্রশ্ন ও বক্তব্যের জবাবে প্রথম আলোর বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি বলেন, পাঠকই প্রথম আলোর প্রাণশক্তি। আমরা পাঠকের মতামতকে গুরুত্ব দেই বলেই মতামত জানতে এসেছি। মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান ও সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আরও বক্তব্য দেন নীলফামারী চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার ও সাবেক সভাপতি সোহেল পারভেজ, চাঁদমনির প্রতিষ্ঠাতা পিজিরুল আলম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতন জাহান, সিপিবির জেলা সভাপতি শ্রীদাম দাস, মীর সেলিম ফারুক, এনজিও ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ।