জাতি গঠনে যুবকদের সম্পৃক্ত করার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান জাতি গঠনমূলক কাজে যুবকদের সম্পৃক্ত করতে পদক্ষেপ নেওয়ার জন্য রোটারিয়ানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুবসমাজ হচ্ছে দেশের জনসংখ্যার সর্বাপেক্ষা সৃজনশীল ও কর্মক্ষম শক্তি।গতকাল রোববার নগরের একটি হোটেলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮০ আয়োজিত দেশে রোটারি আন্দোলনের ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, ‘যুবসমাজকে যথাযথভাবে সংগঠিত করে ও সঠিক দিকনির্দেশনা দিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।’জিল্লুর রহমান বলেন, সংঘাতময় জনপদে শান্তি স্থাপন, রোগ প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা গ্রহণ, ইউটিলিটি সেবা উন্নয়ন, নিরাপদ পানি ব্যবস্থাকরণ, মা ও শিশুর পরিচর্যা, দৃষ্টিহীনকে দৃষ্টিদান, মৌলিক শিক্ষা সম্প্রসারণসহ সমাজ উন্নয়নে রোটারিয়ানরা অবদান রাখছেন। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ পোলিওমুক্ত করার ক্ষেত্রে রোটারি ইন্টারন্যাশনাল যে ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবক। যুবসমাজ দেশের সর্বাপেক্ষা সৃজনশীল ও কর্মক্ষম শক্তি। যুবকদের এ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেকোনো উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে ভূমিকা রাখে। রোটারিয়ানরা সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি যুবকদের জাতি গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে উদ্যোগী হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইশতিয়াক এ জামান, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর রফিক আহমেদ সিদ্দিকী ও রোটারিয়ান পি পি রিনা চৌধুরী। বাসস।