জাতি ধ্বংসের পাঁয়তারা করেছে পাকিস্তানিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মাকে বেয়নেট চার্জ করে পাকিস্তানি সেনারা। মা তার পরও বেঁচে ছিলেন। মা ওদের বলেছিলেন, “আমার সন্তানদের মেরো না, আমাকে মেরে ফেলো।” পিশাচেরা আমার মাকে সে অবস্থায় জীবন্ত পুঁতে ফেলে।’
শহীদ পরিবারের সন্তান মো. সাইদুর রহমান ১৯৭১ সালের ১৫ এপ্রিল তাঁর পরিবারের ওপর কী নির্মমতা হয়েছিল, সে কথা বলছিলেন। সেদিন তাঁর বাবা-মা ছাড়াও তিন ভাইকে হত্যা করে পাকিস্তানি সেনারা। তিনি আক্ষেপ নিয়ে বলেন, ‘যে দেশকে স্বাধীন করতে আট সদস্যের পরিবারের পাঁচজন প্রাণ দিয়েছে, সে পরিবারের আমি এখনো ভাড়াবাড়িতে থাকি।’
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গতকাল রোববার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে শহীদ পরিবার ও বীরাঙ্গনাদের ওপর ভয়ানক অন্যায় করা হয়েছে বলে রাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন শহীদ পরিবারের এই সন্তান।
স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। তিনি বলেন, ‘আমাদের মাতৃভাষা, জাতিসত্তা এবং সংস্কৃতি পুরো বিষয়টাকে লক্ষ্য করেই জাতিকে ধ্বংসের পাঁয়তারা করেছে পাকিস্তানিরা। পুরো নয় মাস ধরে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা।’ বক্তব্যের শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বুদ্ধিজীবীরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেটাতে শুধুমাত্র পতাকার পরিবর্তন নয়। একটি গণতান্ত্রিক ন্যায়পরায়ণ সমাজের স্বপ্ন দেখেছিলেন তাঁরা।’ তিনি বলেন ‘আমরা তাঁদের স্মরণ করব। সঙ্গে আমাদের এ অঙ্গীকারও করা উচিত, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা অহিদ। আলোচনা অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পাঁচজন শিল্পী ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘এক নদী রক্ত পেরিয়ে’সহ কয়েকটি জনপ্রিয় দেশের গান পরিবেশন করেন।