জাতিকে অশুভ শক্তিমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অশুভ শক্তির কবল থেকে জাতিকে মুক্ত রাখতে একসঙ্গে কাজ করতে সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত বিজয়া সম্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মীয় উৎসব এখানে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়। বিভিন্ন ধর্মের লোক এখানে শান্তিপূর্ণ পরিবেশে আন্তরিকতা বজায় রেখে একসঙ্গে বসবাস করার একটি ঐতিহ্য সৃষ্টি করেছে।
রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন ধর্ম পালনের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সব ধর্মের মূলমন্ত্র এক ও অভিন্ন। ফলে ধর্মের মধ্যে কোনো বিরোধ বা বৈষম্য নেই। তিনি বলেন, বর্তমান সরকার দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সকল প্রকার পদক্ষেপ নিয়েছে এবং সরকার এ ক্ষেত্রে সফলও হয়েছে।
রাষ্ট্রপতি কৃষি ও স্বাস্থ্যে অগ্রগতি, দারিদ্র্য দূরীকরণ এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের কথা বলেন।