জাতিকে বিভক্ত করে লাভ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জাতিকে বিভক্ত করে অতীতেও লাভ হয়নি, এখনো হবে না। স্বাধীনতার আগের রাজনীতি আর পরের রাজনীতি এক হওয়া উচিত নয়।গতকাল শনিবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এ কথা বলেন।স্থানীয় তেলিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদৎ হোসেন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গতকাল তাঁকে এলাকাবাসীর পক্ষ থেকে ওই সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আমরা স্বাধীনতা চেয়েছিলাম রাজা থেকে মহারাজা করার জন্য নয়, দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।’ তিনি বলেন, দেশের রাজনীতিতে ঝগড়া-ফ্যাসাদ মূল হয়ে দাঁড়িয়েছে।ভান্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহিবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক জমাদ্দার, ওয়ার্কার্স পার্টির নেতা ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তম আলী।