মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে জাতিগত নিধনের উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ-আল হুসেইন। তিনি সামরিক অভিযানের হাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়াতে বলেছেন।
গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় জেইদ রাদ-আল হুসেইন এ মন্তব্য করেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ওয়েবসাইটে বলা হয়েছে, ওই অধিবেশনে জাতিসংঘের ৪০ দেশের সর্বশেষ মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হবে। গত ২৫ আগস্ট রাখাইনে তল্লাশিচৌকিতে হামলার পর থেকেই নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। গত রোববার পর্যন্ত কক্সবাজার ও তার আশপাশের এলাকাগুলোতে এসেছে ৩ লাখ ১৩ হাজার রোহিঙ্গা। স্থানীয়ভাবে মানবিক সমন্বয়ের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর জোট ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) গতকাল তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।
রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে অবিলম্বে মিয়ানমারের রাজ্যটিতে সহিংসতা বন্ধ করতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুত আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর বাংলাদেশ জোর দিয়েছে। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত এশিয়ার কূটনীতিকদের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ অনুরোধ জানান। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে জেইদ রাদ-আল হুসেইন বলেন, ‘মিয়ানমারের ওই অভিযান স্পষ্টত ভয়াবহ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন।’ পালিয়ে যাওয়া লোকজনের ফেরানো প্রতিহত করতে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশের সঙ্গে সীমান্তে ভূমি মাইন পুঁতে রাখায় স্তম্ভিত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান। রোহিঙ্গারা নিজেরাই বাড়িঘরে আগুন দিচ্ছে—মিয়ানমার সরকারের এমন দাবি বন্ধের আহ্বান জানান জেইদ।
কূটনীতিকদের ব্রিফিং
ঢাকায় কূটনীতিকদের ব্রিফিংয়ের পর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল বলেন, উপস্থিত কূটনীতিকদের সবাই একবাক্যে স্বীকার করেছেন, রোহিঙ্গারা আসার কারণে বাংলাদেশ যে বাড়তি চাপ নিয়েছে, সেটি অত্যন্ত প্রশংসনীয়। মানবিক এই সংকটে সব দেশই বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি জানান, রোহিঙ্গাদের নিয়ে সর্বশেষ কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটি দেখাতে বুধবার ঢাকায় কর্মরত বিদেশ কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কক্সবাজার নেওয়া হচ্ছে।