জাতিগত সহিংসতা জিইয়ে রেখে শিক্ষাপ্রতিষ্ঠান যৌক্তিক নয়: আবুল মকসুদ
গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে উদ্যোগ সরকার নিয়েছে, তা আপাতদৃষ্টিতে সবার কাছে ভালোই মনে হবে। কিন্তু সেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জাতিগত সাম্প্রদায়িক সংকটপূর্ণ অবস্থা জিইয়ে রেখে এই ধরনের প্রতিষ্ঠান করা মোটেই যৌক্তিক নয়।
রাঙামাটিতে জাতিগত সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে আবুল মকসুদ এ কথা বলেন। নাগরিক সমাজ নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকারের উচিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে সংলাপ করা। বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে আগে সম্ভাব্যতা যাচাই করা। তার আগ পর্যন্ত এই শিক্ষাপ্রতিষ্ঠান দুটির কার্যক্রম স্থগিত রাখা দরকার।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ স্থগিত রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করে পাহাড়িদের সংগঠন জনসংহতি সমিতি।
আজকের সমাবেশে পাহাড়িদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাবলু হেমব্রম হত্যাকাণ্ডের বিচারের দাবিসহ ছয়টি দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ ও সংহতি সমাবেশে এ দাবিগুলো জানানো হয়।
অন্য দাবিগুলোর মধ্যে আছে রাঙামাটির সাম্প্রদায়িক হামলার অনুসন্ধানে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমটি গঠন ও ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা, হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান, স্থাপনা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান, মেডিকেল কলেজের কার্যক্রমসহ পার্বত্য আদিবাসীদের সম্মতি ছাড়া সব ধরনের চাপিয়ে দেওয়া কথিত উন্নয়ন থেকে সরকারকে বিরত থাকা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করা।
এর আগে সকাল ১০ টায় নাগরিক সমাজের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে শাহবাগে সংহতি সমাবেশে অংশ নেয়। সভা শেষে পুনরায় মিছিল করে টিএসসিতে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষিত হয়।
সংহতি সমাবেশে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, পাহাড়ে মেডিকেল কলেজ স্থাপন উন্নয়ন নয়, এটি সরকারের চক্রান্ত। শাসকগোষ্ঠী এর আগে সাধারণ বাঙালিদের পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করেছে। এবার কলেজ স্থাপনের নামে শিক্ষিত বাঙালিদের নিবাস গড়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৭ বছরেও কেন পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়নি?
অধ্যাপক মেসবাহ কামাল বলেন, জনসংহতি সমিতি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, যারা রাজনৈতিক কর্মসূচি হিসেবে শিক্ষা আন্দোলন পরিচালনা করেছে। তাদের নেতৃত্বে পাহাড়িরা যখন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করছে, তখন বুঝতে হবে এমনি এমনি তারা এটি করছে না। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম হলো বাংলাদেশের গাজা ভূখণ্ড। সেখানে প্রতিনিয়ত মানবতা লঙ্ঘিত হচ্ছে।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালেয়র শিক্ষক রোবায়েত ফেরদৌস, সংগীতশিল্পী মাহামুদুজ্জামান বাবু, অধ্যাপক সৌরভ সিকদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা রাকেকুজ্জামান রতন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান প্রমুখ।
সমাবেশে নাগরিক সমাজের পক্ষে লিখিত দাবি উপস্থাপন করেন নিলুফার বানু। সভা সঞ্চালনা করেন আদিবাসী সংগঠক দীপায়ন খীসা।