জাতিধর্ম-নির্বিশেষে বাঙালিরা শান্তির মধ্যে বাস করছে: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত শত বছর ধরে জাতিধর্ম-নির্বিশেষে বাঙালিরা শান্তি ও বন্ধুত্বের মধ্যে বসবাস করছে এবং এখনো সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদানোৎসব উপলক্ষে গতকাল শুক্রবার বাংলাদেশ বৌদ্ধ সমিতি, ঢাকা অঞ্চলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড্যান মজীনা এসব কথা বলেন। রাজধানীতে উত্তরা তৃতীয় পর্বের বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
ড্যান মজীনা বলেন, ‘আমার বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের যে আগ্রহ ছিল, তা কয়েক সপ্তাহ আগে আমি সম্পন্ন করেছি। আমি অনেক কিছু শিখেছি। আমি জেনেছি বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ।’ তিনি বলেন, বাংলাদেশ একমাত্র দেশ, যেখানে রাষ্ট্রীয়ভাবে সব ধর্মের প্রধান ধর্মীয় উৎসব পালন করা হয়। দেশের রাষ্ট্রপ্রধান সব ধর্মীয় উৎসবে বিশাল অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। বাংলাদেশ বৌদ্ধ সমিতি, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী বৌদ্ধ মহাবিহার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং রেলের ১০ কাঠা জমির জন্য মন্ত্রীর কাছে আবেদন জানান। মন্ত্রী তাঁর সাধ্যমতো সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যের পর কঠিন চীবরদানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ভাদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান শাসনজ্যোতি অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা শাখার সভানেত্রী পূরবী বড়ুয়া, বাংলাদেশে বিভিন্ন বিদেশি মিশনের কর্মকর্তা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।
অনুষ্ঠানে বৌদ্ধ সমিতির নবনির্বাচিত মহাসচিব সুদীপ বড়ুয়াকে বৌদ্ধ সমিতি, ঢাকা অঞ্চলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া বৌদ্ধ সমিতি, ঢাকা অঞ্চলের বার্ষিক প্রকাশনা বৈশালির মোড়ক উন্মোচন করা হয়।