জাতির অভিভাবকতুল্য ছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি এখন আছেন ছবি হয়ে। কেন্দ্রীয় শহীদ মিনারে সেই ছবি পাশে রেখে গতকাল বিকেলে অনুষ্ঠিত হলো মুহাম্মদ হাবিবুর রহমানের স্মরণসভা। সভাপতির বক্তব্য দেন জিল্লুর রহমান সিদ্দিকী, বাঁ থেকে আসাদুজ্জামান নূর, রাশেদ খান মেনন, আনিসুজ্জামান, নাসির উদ্দীন ইউসুফ, (তাঁর দুই মেয়ে) রুবাবা রহমান ও নুসরাত হাবিব ।  ছবি: প্রথম আলো
তিনি এখন আছেন ছবি হয়ে। কেন্দ্রীয় শহীদ মিনারে সেই ছবি পাশে রেখে গতকাল বিকেলে অনুষ্ঠিত হলো মুহাম্মদ হাবিবুর রহমানের স্মরণসভা। সভাপতির বক্তব্য দেন জিল্লুর রহমান সিদ্দিকী, বাঁ থেকে আসাদুজ্জামান নূর, রাশেদ খান মেনন, আনিসুজ্জামান, নাসির উদ্দীন ইউসুফ, (তাঁর দুই মেয়ে) রুবাবা রহমান ও নুসরাত হাবিব । ছবি: প্রথম আলো

অনেকগুলো পরিচয় ছিল তাঁর। তবে জাতির কাছে জায়গা ছিল অভিভাবকের মতো। অত্যন্ত আশাবাদী মানুষ ছিলেন। ছিলেন সাহসী। হতাশা তাঁকে স্পর্শ করেনি। নিজে উদ্দীপ্ত থাকতেন। প্রচণ্ড দুঃসময়েও উদ্দীপনা, অনুপ্রেরণা জোগাতেন সবাইকে। তাঁর অভাব পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শ পাথেয় করে এগিয়ে যেতে হবে।
গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাসৈনিক, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের স্মরণসভায় তাঁর সম্পর্কে এই মূল্যায়ন করেন আলোচকেরা। নাগরিক কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। বিকেল চারটার পরে স্মরণসভা শুরু হয় শিল্পী লিলি ইসলামের গাওয়া ‘জীবন-মরণের সীমানা ছাড়ায়ে,/ বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে’ গানটি দিয়ে। এরপর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মৃতিচারণা ও আলোচনার মধ্য দিয়ে মুহাম্মদ হাবিবুর রহমানের বহুমাত্রিক ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন বক্তারা।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ভাষাসৈনিক, শিক্ষক, বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, শতাধিক গ্রন্থের রচয়িতা—এমন অনেক পরিচয় ছিল তাঁর। নিজের ভাষাকে ভালোবেসে অন্যের ভাষার অধিকার সম্পর্কে, নিজের ধর্মে আস্থা রেখে অন্যের ধর্মের প্রতি ঔৎসুক্য ও সহিষ্ণুতা দেখিয়েছেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারেরও সমালোচনা করেছেন। মুক্তচিন্তার অধিকারী ছিলেন। অনেক দূর পর্যন্ত প্রসারিত ছিল তাঁর দৃষ্টি।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জাতির জীবনে বেশ কিছু ঐতিহাসিক মুহূর্তে তিনি বীরোচিত ভূমিকা পালন করেছেন। ১৯৯৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে একটি বিশেষ ঘটনাকে তিনি যেভাবে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক রেখেছিলেন, তা যদি তিনি না করতেন, তবে হয়তো ইতিহাস অন্যরকম করে লেখা হতো। অপর দিকে জ্ঞানের প্রতি ছিল তাঁর গভীর তৃষ্ণা।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সামাজিক জীবনে তিনি ছিলেন কর্মঠ। বিপদের সময় জাতির কণ্ঠস্বর হয়ে কাজ করেছেন। তাঁর প্রতিটি বক্তৃতায়, আলোচনায় জাতির জন্য দিকনির্দেশনা থাকত। প্রেরণাদায়ী মানুষ ছিলেন তিনি।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, তিনি যেমন ছিলেন ভাষাসৈনিক, তেমনি লেখক ও গবেষক হিসেবেও বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। ভাষাকে শক্তিশালী করার পথও দেখিয়ে গেছেন বহু বিষয়ে গ্রন্থ রচনা করে।
সাবেক মন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, সংবেদনশীল মনের একজন বড় মাপের মানুষ ছিলেন তিনি। পেশাগত দায়িত্ব যেমন যথাযথভাবে পালন করেছেন, তেমনি সামাজিক প্রয়োজনেও সামনে এসে দাঁড়িয়েছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, তিনি ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। আইনের যতগুলো ভিত্তির ওপর এই রাষ্ট্র প্রতিষ্ঠিত, তার সবগুলোর প্রতি গভীর আস্থা ছিল তাঁর।
মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, তিনি উদার দৃষ্টিতে জাতীয় সমস্যাগুলোকে দেখতে পেতেন। জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতাকে নিজের মধ্যে সুসামঞ্জস্যপূর্ণভাবে সমন্বিত করেছিলেন তিনি।
মুহাম্মদ হাবিবুর রহমানের বড় মেয়ে রুবাবা রহমান তাঁর বাবার প্রতি যাঁরা শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, মুহাম্মদ হাবিবুর রহমান সার্বিক বিবেচনাতেই একজন আস্তিক মানুষ ছিলেন। শুধু ধর্মের প্রতি তাঁর বিশ্বাস ও আস্থা ছিল, তা নয়। তিনি দেশের প্রতি আস্থাশীল ছিলেন। গভীর আস্থা ছিল মানুষের প্রতি। প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকারে বিশ্বাস করতেন। কখনো হতাশ হতেন না। তিনি আমাদের মধ্যে ছিলেন, থাকবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা কামরুল হাসান খান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। সঞ্চালনা করেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, গতকাল বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার উদ্যোগে বেলা পাঁচটায় নগরের বারুতখানা এলাকায় মুহাম্মদ হাবিবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, তিনি ছিলেন বাঙালি মনীষার প্রতীক ও জাতির বিবেক। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় অভিভাবককে হারিয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে বাঙালি জাতির আলোর দিশারি হয়ে আলো বিলিয়ে গেছেন। দেশের রাজনৈতিক সংকট থেকে শুরু করে সাহিত্য-সংস্কৃতি ও নৃগোষ্ঠীর উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। বাপা সিলেটের সহসভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। আবদুল করিম কিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল আউয়াল বিশ্বাস ও উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম। আরও বক্তব্য দেন নর্থইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক এম এ মজিদ, এ কে এম মাজহারুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ। প্রধান অতিথি বক্তৃতায় বলেন, ‘মুহাম্মদ হাবিবুর রহমান ছিলেন প্রজ্ঞাবান ও মনস্বী ব্যক্তি। তাঁর সৃজনশীল ও মননশীলতার ছোঁয়া বাঙালি কখনো ভুলবে না।’