জাতির ক্রান্তিলগ্নে জিল্লুর রহমান ছিলেন কান্ডারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনৈতিক সংকট, বিশেষ করে এক-এগারোর সময় শুধু আওয়ামী লীগের নয়, দেশের রাজনীতির অভিভাবকের ভূমিকা পালন করেন জিল্লুর রহমান। জাতির যেকোনো ক্রান্তিলগ্নে তিনি কান্ডারির ভূমিকা পালন করতেন।
সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার তাঁর জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। ভৈরব আওয়ামী লীগ স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এই সভার আয়োজন করে।
সভায় আলোচকেরা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান ছিলেন আপদমস্তক প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ রাজনীতিক। মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা ছিল, আবার ভাষা আন্দোলনেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। বঙ্গবন্ধুর অন্যতম আস্থাভাজন ছিলেন তিনি।
বক্তাদের অনেকে ভৈরব জেলা বাস্তবায়নকে জিল্লুর রহমানের ‘শেষ ইচ্ছা’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে তা পূরণের অনুরোধ জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজল হোসেন, ভৈরবের পৌর মেয়র ফখরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ্দিন, শামসুজ্জামান, নাদিরুজ্জামান, উপজেলা যুবলীগের সহসভাপতি আতিক আহমেদ প্রমুখ।