জাতির জন্য ক্ষতিকর কোনো কিছু সরকার মেনে নেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকার জাতির জন্য ক্ষতিকর এমন কোনো কিছুই মেনে নেবে না।প্রধানমন্ত্রী বলেন, সরকার শান্তি ও সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং সব বিতর্কিত বিষয়ের শান্তিপূর্ণ সমাধান চায়।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হচ্ছে—সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়; কিন্তু দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কারও সঙ্গেই আপস করব না।’শেখ হাসিনা গতকাল মঙ্গলবার ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০১১-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, ‘আয়তনের দিক থেকে বাংলাদেশ ছোট হলেও জাতি হিসেবে আমাদের নিজস্ব ঐতিহ্য এবং গর্ব করার অনেক কিছু রয়েছে।’মন্ত্রী, উপদেষ্টা, সাংসদ, তিন বাহিনীর প্রধানেরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। ত্রয়োদশ ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং দশম আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সাফল্যের সঙ্গে যাঁরা শেষ করেছেন, তিনি তাঁদের আন্তরিক অভিনন্দন জানান। এ বছর এনডিসি কোর্স-২০১১-এ ৫৩ জন অংশ নেন। তাঁদের মধ্যে ৩২ জন বাংলাদেশের এবং বাকি ২১ জন অন্যান্য রাষ্ট্রের। দশম আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী ২৪ জনের সবাই বাংলাদেশি। পরে প্রধানমন্ত্রী দুটি কোর্সে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।