জাতির জন্য গর্বের ক্ষেত্র তৈরি করেছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোটা জাতির জন্য গর্বের ক্ষেত্র তৈরি করেছেন। এসব কার্যক্রম নিয়ে বিশদ গবেষণা এবং বিশ্বসমাজের কাছে তা মেলে ধরা বিশেষ জরুরি।
গতকাল শনিবার বিকেলে ‘একাত্তরের গণহত্যার বিচার: জাতীয় ও আন্তর্জাতিক তাৎপর্য’ বিষয়ে মিসবাহউদ্দিন খান স্মারক বক্তৃতায় এ কথা বলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে নবমবারের মতো এই বক্তৃতার আয়োজন করে মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্ট। ইতিহাসবিদ ও সাবেক সাংসদ মিসবাহউদ্দিন খানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বক্তৃতার আয়োজন করা হয়।
স্মারক বক্তৃতায় মফিদুল হক একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর সদ্য স্বাধীন বাংলাদেশ ও গণহত্যার বিচারের দাবি, গণহত্যার বিচারে আন্তর্জাতিক উদ্যোগ ও নিষ্ক্রিয়তা, বাংলাদেশের সুনির্দিষ্ট পদক্ষেপ, যুদ্ধাপরাধের বিচারে জাতিসংঘের সম্পৃক্তি: অজানা অধ্যায়, আন্তর্জাতিক চাপ ও বাংলাদেশের নৈতিক অবস্থানের ইতিহাস তুলে ধরেছেন।
বক্তৃতায় মফিদুল হক বলেন, ‘১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন একটি অসাধারণ দলিল। গণহত্যার বিচারে এই দলিল উপেক্ষা করার কারও সুযোগ নেই। বাংলাদেশের মুক্তিসংগ্রাম যেমন সরকারের বাইরে একটি আন্তর্জাতিক জনসমর্থন নিয়ে হয়েছে, ১৯৭৩ সালের আইনটি বাংলাদেশ ও বিশ্ব সম্প্রদায়ের এক যৌথ প্রয়াস হিসেবে চিহ্নিত করতে পারি।’
আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ে জল ঘোলা করার চেষ্টা যাঁরা করছেন, তাঁরা ইতিহাসের একটি বড় সত্যের স্বীকৃতিও দিয়েছেন বলে বক্তৃতায় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, একাত্তরে বাংলাদেশে যে জেনোসাইড হয়েছে, সেটি কেউ অস্বীকার করেননি।...সেই সঙ্গে এই স্বীকৃতিও মিলেছে যে একাত্তরে গণহত্যার বিচার হওয়া সংগত।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে শিল্পী হাশেম খান বলেন, ‘আমরা সবাই চাই দেশটি রাজাকারমুক্ত হোক। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু এখানেই শেষ নয়, এ লড়াই চলবে দীর্ঘকাল।’
ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া শিমলা চুক্তির প্রসঙ্গ টেনে সভাপতির বক্তব্যে সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বলেন, চুক্তি অনুসারে পাকিস্তানের যারা বাংলাদেশে যুদ্ধাপরাধ করেছিল, তাদের পাকিস্তানে বিচার করার কথা ছিল। কিন্তু কাজটি পাকিস্তান কোনো দিন করেনি।
মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখতে হবে জানিয়ে ট্রাস্টের সভাপতি মুনতাসীর মামুন বলেন, ‘বারবার বলেছি যুদ্ধাপরাধীর বিচার ও ফাঁসি এটিই শেষ নয়, তাদের রাজনীতিটা বন্ধ রাখতে হবে। সে কারণেই বারবার দাবি করেছি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।’