জাতির পিতাকে পত্র দিলেন ইবি শিক্ষার্থীরা

বেলুনে উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে চিঠি পাঠালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জাতির পিতার নিকট পত্র লিখন, পঠন ও প্রেরণ’ প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীদের লেখা চিঠি জাতির পিতার উদ্দেশে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সংগঠন লণ্ঠনের আয়োজনে গত ২৭ জানুয়ারি ক্যাম্পাসের ডায়না চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লিখিত পত্রগুলোর মধ্যে থেকে পুরস্কৃত করা হয় সেরা তিন লেখককে।
মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগীরা নির্দিষ্ট সময়ের মধ্যে জাতির পিতার নিকট লেখেন তাঁদের মনের অব্যক্ত কথামালা। তারপর বাছাই করা পত্র পড়ে সবাইকে শোনানো হয়। পরে সবার লেখা পত্র বেলুনের সঙ্গে উড়িয়ে প্রতীকীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশে পাঠানো হয়।

লণ্ঠনের সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল। এ সময় বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম ও বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নাজিম উদ্দিন।
ব্যতিক্রমী এ আয়োজন সম্পর্কে আব্দুর রউফ বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। আমরা পত্রগুলোর অনুলিপি উড়িয়ে প্রতীকীভাবে বঙ্গবন্ধুর নিকট প্রেরণ করেছি। মূল চিঠিগুলো প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে পাঠানোর চেষ্টা করব।’