জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে আত্মনিয়োগ করতে হবে: শিরীন শারমিন
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘জাতির পিতার চিন্তা ও দর্শন ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জাতির পিতার আদর্শ ও দর্শনকে তুলে ধরতে হবে এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।’
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন স্পিকার।
শিরীন শারমিন বলেন, অদম্য সাহস, প্রতিবাদী সত্তা ও আপসহীন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। বঙ্গবন্ধু কোনো দিন অন্যায়ের সঙ্গে আপস করেননি বলেই তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা এনে দিতে পেরেছিলেন। এ জন্য বঙ্গবন্ধু মুক্তির মহানায়ক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়েবিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন। এতে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার অধ্যাপক মো. মুহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দীন। ওয়েবিনারে যুক্ত ছিলেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্যসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা।
ওয়েবিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম। ওয়েবিনার শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। এতে ১০ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।