জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা।কাল মঙ্গলবার স্বাধীনতার ৪২তম বার্ষিকীতে ওই প্রতিকৃতি স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেককে চিঠি দেওয়া হয়েছে।অপরদিকে, বিষয়টি সম্পর্কে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি বলছে, প্রেসক্লাবে যেকোনো কিছু করা বা না করার পূর্ণ এখতিয়ার তাদের। অন্য কেউ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।গত কয়েক দিনে জ্যেষ্ঠ সাংবাদিকদের একাধিক বৈঠকের পরও সর্বসম্মত কোনো মীমাংসা হয়নি। তবে গত শুক্রবার অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির এক সভার সিদ্ধান্তে বলা হয়েছে, কমিটির এখতিয়ার উপেক্ষা করে যে বা যাঁরা ‘অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে’ লিপ্ত হবেন, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রোববার এক বিবৃতিতে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেছেন, ক্লাবের সাধারণ সভায় সদস্যরা এ ধরনের কোনো প্রস্তাব অনুমোদন বা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন। তা সত্ত্বেও এভাবে প্রতিকৃতি স্থাপনের প্রয়াস বঙ্গবন্ধুর মতো একজন জাতীয় নেতার জন্য অসম্মানজনক এবং তাঁকে বিতর্কিত করার পদক্ষেপ।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিকৃতি স্থাপনের উদ্যোক্তাদের অন্যতম ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, ব্যবস্থাপনা কমিটির যে এখতিয়ারের কথা বলা হচ্ছে, তা ক্লাবের সাধারণ বিষয়াদির ক্ষেত্রে প্রযোজ্য। জাতীয় প্রেসক্লাবের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানে জাতির পিতার প্রতিকৃতি স্থাপন তেমন কোনো সাধারণ বিষয় নয়। এটি জাতীয় দায়িত্ব। তিনি আরও বলেন, এর পরও মতবিনিময় সভায় তাঁরা বলেছিলেন, এখতিয়ার অনুযায়ী ব্যবস্থাপনা কমিটি জাতীয় প্রেসক্লাবে জাতির পিতার প্রতিকৃতি স্থাপনের উদ্যোগ নিয়ে তাঁদের জানিয়ে দিক। তাহলে তাঁরা সেই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হবেন। নিজেদের উদ্যোগ বাস্তবায়নের দরকার হবে না। বিষয়টি নিয়ে আজ দুপুর একটায় জ্যেষ্ঠ সাংবাদিকদের আরেক দফা বৈঠকের কথা রয়েছে।