
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতির মীমাংসিত বিষয়গুলো আর কখনোই অমীমাংসিত করা যাবে না। তিনি বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করতে হলে সব রাজনৈতিক কর্মীকে মুক্তিযুদ্ধসহ সব মীমাংসিত বিষয় মেনে নিতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোট আয়োজিত এক স্মরণসভায় ইনু এসব কথা বলেন। জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক আমির হোসেন স্মরণে এ শোকসভার আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে না মানায় বিএনপির চেয়ারপারসনের সমালোচনা করেন। তিনি বলেন, খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে জাতির পিতার প্রতি অশ্রদ্ধা ও বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন। একাত্তরের পাকিস্তান বাহিনী ও তাদের দালালদের দ্বারা সংঘটিত গণহত্যার বিষয়টি আড়াল এবং যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গে সখ্য রক্ষা করে খালেদা জিয়া নিজেকে গণতন্ত্র, সংলাপ, নির্বাচনের অযোগ্য করে ফেলেছেন।
যুব জোটের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে শোকসভায় জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার ও শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, শওকত রায়হান, নইমুল আহসান, যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির প্রমুখ বক্তব্য দেন।