জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ কেমন প্রতিকৃতি?
বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা দেশের ইতিহাসের বাঁকবদলের নানা চিত্র। সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানসহ বিখ্যাত বাঙালি কয়েকজন ব্যক্তিত্বের প্রতিকৃতি। কিন্তু এই মুখগুলোর সঙ্গে তাঁদের প্রকৃত চেহারার গরমিল বিস্তর। অনেকটাই বিকৃত করে তাঁদের প্রতিকৃতি আঁকা হয়েছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে।
তথ্য বাতায়নে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, ঠাকুরগাঁওয়ে ৯৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ধাপে ধাপে স্কুল পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) তহবিলের আওতায় এসব বিদ্যালয়ে ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। সেই টাকা দিয়ে বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়ন, অগ্রাধিকারভিত্তিক ক্ষুদ্র সংস্কার, অসহায় শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন কাজ করার কথা। ঠাকুরগাঁওয়ের অনেক বিদ্যালয়ে স্লিপের তহবিল দিয়ে ভবনে রং করানো ও দেয়ালে চিত্র আঁকা হয়েছে। এর মধ্যে রয়েছে ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধসংশ্লিষ্ট নানা চিত্র, সাত বীরশ্রেষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া ও কবি সুফিয়া কামালের প্রতিকৃতি এবং জাতীয় পাখি, পশু, ফল, ফুলসহ নানা ধরনের ঐতিহাসিক নিদর্শন।
১৫ থেকে ২৭ জুলাই সরেজমিনেঠাকুরগাঁও সদর উপজেলার বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওগাঁও বি এন সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীশংকৈলের ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেষপুর টেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিঙ্গাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গীর লাহিড়ীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুরের কাঁঠালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিষয়টির সত্যতা মিলেছে।
ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবে রং করা হয়েছে। ভবনের দেয়ালে আঁকা হয়েছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া ও সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি। তবে তাঁদের আসল চেহারার সঙ্গে এই ছবির মিল যৎসামান্যই। ছবির নিচে নাম লেখা না থাকলে বোঝা দায় ছিল, কোনটি কার প্রতিকৃতি।
গত বৃহস্পতিবার সকালে কথা হয় এ বিদ্যালয়ের মাঠে ছোটাছুটিতে ব্যস্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাসরিন আকতারের সঙ্গে। সে বলে, তাদের বাংলা বইয়ে তিনজন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ, নুর মোহাম্মদ শেখ ও মোহাম্মদ রুহুল আমিনের ছবি আছে। কিন্তু বইয়ের ওই ছবির সঙ্গে দেয়ালে আঁকা ছবির খুব একটা মিল নেই।
এ বিদ্যালয় ভবনের প্রতিকৃতিগুলো এঁকেছেন বরুণ রায় নামের এক চিত্রশিল্পী। রানীশংকৈলের নেকমরদহাটের এ বাসিন্দা বললেন, ছবি আঁকার জন্য বরাদ্দ খুবই কম থাকে। অনেকটাই তড়িঘড়ি করে ছবি এঁকে শেষ করতে হয়। এতে অনেক সময় ছবি এদিক-ওদিক হয়ে যায়। তবে ছবিগুলো বিকৃত হয়েছে, এমনটি মানতে রাজি নন তিনি।
আঁকা ছবিগুলো দেখে বালিয়াডাঙ্গীর লাহিড়ীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সামাদের মনেও প্রশ্ন দেখা দিয়েছিল, এটা কেমন হলো। তবে বরাদ্দের পরিমাণের কথা ভেবে তিনি বিষয়টি মেনে নেন বলে দাবি করেন।
আর দেওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে আঁকা বেগম রোকেয়া, সুফিয়া কামাল, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সঙ্গে যে তাঁদের আসল চেহারার মিল নেই, সেটি সত্যেন রায়ের মতো পঞ্চম শ্রেণির খুদে শিক্ষার্থীও সহজেই ধরতে পারে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শাহজাহান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতিকৃতি যেনতেনভাবে আঁকার বিষয়টি কাম্য নয়। তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেবেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়েই শুধু এভাবে প্রতিকৃতির বিকৃতি ঘটানো হয়েছে, বিষয়টি তেমন নয়। জেলা শহরের জমিদারপাড়ার লিবার্টি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর এন এইচ উচ্চবিদ্যালয়সহ অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও একই দৃশ্য দেখা গেছে।
জমিদারপাড়ার লিবার্টি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দেয়ালে আঁকা হয়েছে সাত বীরশ্রেষ্ঠর পাশাপাশি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। গত বুধবার সকালে বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পথচারী অনিল চন্দ্রের সঙ্গে কথা হয়। দেয়ালে আঁকা প্রতিকৃতিগুলো তাঁর কাছে পরিচিত মুখের হলেও, তা ঠিকমতো মেলাতে পারেন না তিনি। তবে নিচে নাম লেখা আছে বলেই তিনি বুঝে নিতে পারেন কোন ছবিটি কার।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক কাদিমুল ইসলাম বলেন, ‘আমার জানামতে খুদে শিক্ষার্থীদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের চেনাতেই বিদ্যালয় ভবনে প্রতিকৃতিগুলো আঁকার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আঁকা এসব প্রতিকৃতি দেখে আমারও খারাপ লাগছে।’
ঠাকুরগাঁওয়ের প্রবীণ শিক্ষাবিদ মনতোষ কুমার দে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ তো তহবিলের টাকা খরচ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতিকৃতিগুলো দক্ষ হাতেই আঁকিয়েছে। সেগুলোর গরমিল কখনোই মেনে নেওয়া যায় না। এটাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া উচিত।
জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল ডিসি সম্মেলনে ঢাকায় থাকায় এ বিষয়ে কথা বলেননি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিকৃতিগুলো যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।