জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। গতকাল বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পালিত হয় নানা কর্মসূচি।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ফেনী: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হোসনে আরা আহম্মদ, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রিয় রঞ্জন দত্ত।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকেও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ভূঁঞা।

নোয়াখালী: জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমদ কবীর। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ফজলে এলাহী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসে গতকাল সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালি বের করা হয় l প্রথম আলো
শহীদ বুদ্ধিজীবী দিবসে গতকাল সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালি বের করা হয় l প্রথম আলো

এদিকে দিবসটি উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যে প্রদীপ প্রজ্বালন করা হয়। এ ছাড়া ছিল শোক র‌্যালি ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ। অনুষ্ঠানগুলোতে উপাচার্য এম অহিদুজ্জামান, সহ-উপাচার্য মো. আবুল হোসেন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান: জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এতে আরও বক্তব্য দেন আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সিভিল সার্জন উদয় শঙ্কর চাকমা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর।

আলোচনা সভা শেষে বান্দরবান ট্রাস্ট ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর স্বেচ্ছামূলক তহবিল থেকে দুস্থদের অনুদান, ১৮৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সহ-উপাচার্য শিরীন আখতারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, ডিনস কমিটির আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি এ এফ এম আওরঙ্গজেব, সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্য সুলতান আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসের শোক র‍্যালিতে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসের শোক র‍্যালিতে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপাচার্য ও সহ-উপাচার্য। পরে তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অনুষদসমূহের ডিন, হলগুলোর প্রভোস্ট, সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন। এরপর শহীদ মিনার থেকে শোক র‍্যালি বের করা হয়। বঙ্গবন্ধু চত্বরে গিয়ে র‍্যালি শেষ হয়।

পেকুয়া (কক্সবাজার): বিকেলে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা জহিরুল ইসলাম, সালাহউদ্দিন, বশিরুল আলম, মোস্তাক আহমদ, মফিজুর রহমান, কাজিউল ইনচান, মাশুক আহমদ, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল করিম।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গতকাল সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ শোক র‍্যালি বের ​করে l প্রথম আলো
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গতকাল সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ শোক র‍্যালি বের ​করে l প্রথম আলো

পটিয়া (চট্টগ্রাম): বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিশু-কিশোর সংগঠন বর্ণরেখা খেলাঘর আসর। পটিয়া সদরের স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া বর্ণরেখা খেলাঘর আসরের সভাপতি জয়দত্ত বড়ুয়া। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পটিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক চিকিৎসা কর্মকর্তা দুলাল প্রসাদ ভট্টাচার্য্য, সনাকের পটিয়ার সাবেক সভাপতি কবিশেখর নাথ, সাংবাদিক আবদুর রাজ্জাক প্রমুখ।