খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্
জাতিসংঘ এ দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয় এমন কিছুই করেনি: রেনেটা লক
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও বাংলাদেশ ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ান বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়, এমন কোনো কিছুই করেনি। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বাসসের।রেনেটা বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় আসেন এবং আধা ঘণ্টার বেশি সময় বৈঠক করেন।বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ দেশের মানুষ সব সময় নির্বাচিত সরকার পছন্দ করে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় এবং এর প্রতি আস্থাশীল। জাতিসংঘও এ দেশের মানুষের বিশ্বাসকে সম্মান দেয়।এক-এগারো (ওয়ান-ইলেভেন) সম্পর্কে অপর এক প্রশ্নের উত্তরে রেনেটা বলেন, ওই সময় আমরা জাতিসংঘের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছিলাম।